বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন মার্কিন ট্রেজারি অ্যাটাশে লারিটা বোল্ডেন ও ট্রেজারি লোকাল স্টাফ দিশা দুবে।
আজ বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকে অনুষ্ঠিত এ সাক্ষাতে কেন্দ্রীয় ব্যাংকের ডেপুটি গভর্নর ড. মো. হাবিবুর রহমান, ড. মো. কবির আহমেদ ও মো. সরওয়ার হোসেন উপস্থিত ছিলেন।
সাক্ষাৎকালে সামষ্টিক অর্থনৈতিক পরিস্থিতি, বাংলাদেশ ব্যাংকের সাম্প্রতিক প্রণোদনা প্যাকেজ, মুদ্রানীতি, বিনিময় হার নীতি এবং চলমান ব্যাংকিং খাত সংস্কার কার্যক্রম নিয়ে আলোচনা হয়।
এ সময় এসব বিষয়ে বাংলাদেশ ব্যাংকের অগ্রগতি সম্পর্কে অবহিত হয়ে মার্কিন প্রতিনিধিদল সন্তোষ প্রকাশ করে। একই সঙ্গে এসব ক্ষেত্রে অব্যাহত সহযোগিতা ও সমর্থনের আশ্বাস দেয় তারা।










