জাপানসহ উন্নত দেশে বাংলাদেশী কর্মীদের জন্য ব্যাপক কর্মসংস্থানের সুযোগ তৈরির উদ্যোগ নেয়া হয়েছে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান উপদেষ্টা ড. আসিফ নজরুল।
আজ বৃহস্পতিবার (১০ এপ্রিল) ঢাকার প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানে বাংলাদেশ সরকারের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর (বিএমইটি) সঙ্গে জাপানের ওনোডেরা ইউজার রান ইনকরপোরেটের মধ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপদেষ্টা বলেন, বিনামূল্যে প্রশিক্ষণ ও প্রশিক্ষণ শেষে বিনা খরচে অভিবাসনের মাধ্যমে উন্নত দেশে কাজের সুযোগ তৈরি করা হচ্ছে। জাপান বাংলাদেশীদের জন্য একটি পছন্দের গন্তব্য। এরই মধ্যে ৬৯৫ জন টেকনিক্যাল ইন্টার্ন জাপানে গিয়েছে।
তিনি আরো বলেন, নতুন সমঝোতা স্মারকের মাধ্যমে ভবিষ্যতে আরো বেশি সংখ্যক কর্মী পাঠানো সম্ভব হবে। কেয়ার গিভার, ইন্ডাস্ট্রিয়াল প্যাকেজিং, প্লাস্টিক মোল্ডিং, রড বাইন্ডিং, স্ক্যাফোল্ডিং, ওয়েল্ডিং, কারপেইন্টিং ও অটোমোবাইল মেকানিকসহ বিভিন্ন ট্রেডে প্রশিক্ষণ দেয়া হবে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. নেয়ামত উল্যা ভূঁইয়া।
তিনি বলেন, জাপানে বাংলাদেশীদের কর্মসংস্থানে এ চুক্তি একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। উন্নত দেশের চাহিদা অনুযায়ী দক্ষ জনবল তৈরি ও নিরাপদ অভিবাসন নিশ্চিত করতে সরকার নিরবচ্ছিন্নভাবে কাজ করছে।
অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন বিএমইটির মহাপরিচালক সালেহ আহমেদ মোজাফফর, বাংলাদেশে নিযুক্ত জাপান দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স তাকাহাসি নাওকি এবং ওনোডেরা ইউজার রান ইনকরপোরেটের ওভারসিজ বিজনেস ডিপার্টমেন্টের ম্যানেজার তাকাতো কাওয়াকামি।
সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন সিনিয়র সচিব ড. নেয়ামত উল্যা ভূঁইয়া, বিএমইটির মহাপরিচালক সালেহ আহমেদ মোজাফফর ও ওনোডেরা ইউজার রান ইনকরপোরেটের পক্ষে ম্যানেজার তাকাতো কাওয়াকামি।










