জয়পুরহাটে
কৃষক আব্দুর রহমান হত্যা মামলায় ১৯ আসামির যাবজ্জীবন
কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেককে ৫০ হাজার টাকা
করে জরিমানা করা হয়েছে। গতকাল দুপুরে জয়পুরহাটের অতিরিক্ত দায়রা জজ দ্বিতীয় আদালতের
ভারপ্রাপ্ত বিচারক নুরুল ইসলাম এ আদেশ দেন।
এ সময় ১৭ আসামি আদালতে
উপস্থিত ছিলেন। বাকি দুজন পলাতক রয়েছেন।
রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন জয়পুরহাট জেলা ও দায়রা জজ আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) নৃপেন্দ্রনাথ মণ্ডল।
মামলা সূত্রে জানা যায়, ২০০২ সালের ২২ নভেম্বর রাতে পাঁচবিবি উপজেলার হরেন্দ্রা গ্রামের কৃষক আব্দুর রহমানকে ধরে নিয়ে যান আসামিরা। একই গ্রামের আব্দুল গফুরসহ বেশ কয়েকজন কালামের বাড়িতে আটকে রেখে পিটিয়ে হত্যা করে আব্দুর রহমানকে। এ ঘটনায় নিহতের ভাই আব্দুল বারিক মুন্সী বাদী হয়ে ২৩ নভেম্বর ২৪ জনের নাম উল্লেখ করে পাঁচবিবি থানায় মামলা করেন। ২০০৩ সালের ৩ এপ্রিল মামলার তৎকালীন তদন্ত কর্মকর্তা জাহেদুল হক ১৯ জনের নামে অভিযোগপত্র দেন।
মামলায় বাদীপক্ষের আইনজীবী ছিলেন সরকারি কৌঁসুলি নৃপেন্দ্রনাথ মণ্ডল ও উদয় সিং।










