উপসচিব থেকে যুগ্ম সচিব পদে আরো ২২ বঞ্চিত কর্মকর্তাকে পদোন্নতি দিয়েছে সরকার। জনপ্রশাসন মন্ত্রণালয় গতকাল এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে। এসব কর্মকর্তার বেশির ভাগই যোগ্যতা থাকা সত্ত্বেও আওয়ামী লীগ সরকারের আমলে পদোন্নতি পাননি। তবে নতুন যুগ্ম সচিবদের পদায়ন করে আদেশ জারি হয়নি।
এর আগে গত রোববার ২০১ কর্মকর্তাকে যুগ্ম সচিব পদে ভূতাপেক্ষ পদোন্নতি দেয়া হয়। অর্থাৎ যে তারিখ থেকে কনিষ্ঠ কর্মকর্তারা তাদের ছাড়িয়ে বড় পদে পদোন্নতি পান, সে তারিখ থেকে এটি কার্যকর হবে। তারা সে অনুযায়ী বকেয়া আর্থিক সুবিধাও পাবেন।
এদিকে ৩০ অতিরিক্ত পুলিশ সুপারকে পুলিশ সুপার পদে পদোন্নতি দেয়া হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ পুলিশ-১ শাখা থেকে গতকাল জারি করা প্রজ্ঞাপনে এ পদোন্নতি দেয়া হয়। প্রজ্ঞাপনে রাষ্ট্রপতির আদেশক্রমে স্বাক্ষর করেন উপসচিব মো. মাহাবুর রহমান শেখ।
পদোন্নতি পাওয়া কর্মকর্তারা হলেন বরিশাল রেঞ্জ ডিআইজি কার্যালয়ের মীর আশরাফ আলী, ঢাকা পুলিশ স্টাফ কলেজের কাজী মুহাম্মাদ শাফি ইকবাল, ট্যুরিস্ট পুলিশের মো. নাজমুল হোসেন, সিআইডির ড. মো. আল-মামুনুল আনছারী, রাজশাহী সারদার মোহাম্মদ আবদুল মাবুদ, সিআইডির মোহাম্মদ জাহিদুল হাসান, পিবিআইয়ের মোহাম্মদ ওসমান গণি, ট্যুরিস্ট পুলিশের মোহাম্মদ তাহেরুল হক চৌহান, পিবিআইয়ের মো. আবুল কালাম আযাদ, রংপুর পিটিসির মোহাম্মদ শরীফ উদ্দিন, র্যাবের মো. শামীম হোসেন, সিআইডির মো. আসফিকুজ্জামান আকতার, অ্যান্টি-টেররিজম ইউনিটের রায়হান উদ্দিন খান, রাজশাহী সারদার মো. রেজাউল হক খান ও পুলিশ সদর দপ্তরের আহম্মদ মুঈন।








