বাগেরহাটের শরণখোলায় ভোট দিতে বাধা দেয়াকে কেন্দ্র করে বিএনপি ও জামায়াত কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে দুই পক্ষের অন্তত ১৫ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে উপজেলার সাউথখালী ইউনিয়নের ১ নম্বর সোনাতলা গ্রামে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সংঘর্ষে জামায়াতে ইসলামীর কর্মী সাব্বির, তরিকুল, সোবহান, আরিফ ও নাজমুলসহ ১০ জন আহত হয়েছেন। তাদের মধ্যে চারজনকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে। অপরদিকে বিএনপি কর্মী রফিকুল, বাদল জোমাদ্দার, রাসেল ও ছিদ্দিকুরসহ পাঁচজন আহত হয়েছেন।
আহত সিদ্দিকুর রহমান বলেন, ‘ভোট দেয়ার সময় জামায়াতের লোকজন বাধা দেয়। এ নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে বিএনপির কর্মীদের সঙ্গে সংঘর্ষ বাঁধে। জামায়াতের লোকজন আমাদের ওপর হামলা করে। আমাদের ১০-১২ জন আহত হয়েছেন।’
পুলিশ সুপার হাসান চৌধুরী বলেন, ‘অপরাধের ব্যাপারে আমরা জিরো টলারেন্সে রয়েছি। কেউ কোনো ধরনের অপরাধ করলে আইনের আওতায় আনা হবে।’
জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা গোলাম মো. বাতেন বলেন, ‘শরণখোলায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় পুলিশ মামলা করার প্রস্তুতি নিচ্ছে। শান্তিপূর্ণ ভাবে ভোটগ্রহণের জন্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তৎপর রয়েছেন।’










