বাংলাদেশের হাওর, চরাঞ্চল ও পাহাড়ি এলাকার কন্যাশিশুদের শিক্ষায় ৬২২ কোটি টাকার (৫৪ মিলিয়ন পাউন্ড) প্রকল্প হাতে নিয়েছে ব্রিটিশ সরকার। বাংলাদেশ সরকারের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে এ প্রকল্প বাস্তবায়ন করা হবে।
আজ মঙ্গলবার দুপুর ১২টায় সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার উজানিগাও গ্রামে ইউনিসেফের লেট আস লার্ন প্রকল্পের আনন্দ ধারা প্রাক-প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনে গিয়ে এসব তথ্য জানান ব্রিটিশ প্রধানমন্ত্রীর গার্লস এডুকেশন বিষয়ক বিশেষ দূত হেলেন গ্রান্ট।
তিনি আরো বলেন, মেয়েদের শিক্ষার পাশাপাশি দরিদ্র পরিবারের শিক্ষার্থীদের আর্থ-সামাজিক ও জীবন মান উন্নয়নে প্রকল্পটি অবদান রাখবে।
এ সময় তার সঙ্গে ছিলেন বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার রবার্ট চ্যাটারটন ডিকসন। প্রতিনিধি দলের সঙ্গে ছিলেন হাইকমিশনের সিপিও সেলিম রেজা, টিম লিডার ফাহমিদা শবনম, ডেপুটি টিম লিডার গোলাম কিবরিয়া।
প্রতিনিধি দলের সদস্যরা স্কুলপড়ুয়া শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের সঙ্গে কথা বলে প্রকল্পের সার্বিক খোঁজ-খবর নেন। পরে শান্তিগঞ্জ উপজেলার ব্রিটিশ সরকার ও ইউনিসেফের অর্থায়নে পরিচালিত বেশকিছু প্রকল্প পরিদর্শন করেন।










