কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে দায়ের হওয়া মামলা প্রত্যাহারসহ চার দফা দাবি জানিয়েছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) শিক্ষার্থীরা। গতকাল বিকালে ববির গ্রাউন্ড ফ্লোরে সংবাদ সম্মেলন করে এ দাবি জানান কোটা সংস্কার আন্দোলনে বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ক সুজয় শুভ।
তিনি বলেন, ‘বন্ধ থাকা হল অবিলম্বে খুলে দিতে হবে। বিশ্ববিদ্যালয়সংলগ্ন এলাকায় সাধারণ জনগণকে কোনো ধরনের মামলা বা হয়রানি করা যাবে না। শিক্ষার্থীদের বর্তমান ও স্থায়ী ঠিকানায় আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পাঠিয়ে হয়রানি বন্ধ করতে হবে। দ্রুত ছাত্র সংসদ নির্বাচন দেয়ার পাশাপাশি ক্যাম্পাস খোলার পর নিরাপদ এবং গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করতে হবে।’
সুজয় শুভ বলেন, ‘সরকারি চাকরিতে নিয়োগের ক্ষেত্রে কোটা সংস্কার দাবিতে ১ জুলাই থেকে সারা দেশের সাধারণ শিক্ষার্থীদের মতো আমরাও শান্তিপূর্ণ আন্দোলন করেছি। আমাদের যৌক্তিক আন্দোলনের পরিপ্রেক্ষিতে উচ্চা আদালত কোটা সংস্কারের পক্ষে রায় দিয়েছেন। পাশাপাশি সরকারের নির্বাহী বিভাগ তা অনুসরণ করে প্রজ্ঞাপনও জারি করেছে। এর মধ্য দিয়ে শিক্ষার্থীদের দাবির প্রতিফলন ঘটেছে। তবে ঢাকাসহ সারা দেশের সঙ্গে সমন্বয় করে পরবর্তী কর্মসূচি জানানো হবে।’
এ সময় উপস্থিত ছিলেন শিক্ষার্থী মাহমুদুল হাসান সজীব, শারমিলা জামান সেঁজুতি, ভূমিকা সরকার ও হাবিবুর রহমান রাফি।










