যুক্তরাষ্ট্রের ইউজেনিতে ওয়ার্ল্ড অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপে নারীদের ১০০ মিটার স্প্রিন্টের মুকুট জিতে ইতিহাস গড়লেন জ্যামাইকার শেলি-অ্যান ফ্রেজার-প্রাইস। এটা ওয়ার্ল্ড অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপে ১০০ মিটারে তার পঞ্চম স্বর্ণপদক। তিনি সময় নিয়েছেন ১০.৬৭ সেকেন্ড। একক কোনো ইভেন্টে পাঁচটি স্বর্ণপদক আর কারো নেই।
ছেলেদের ১০০ মিটারে আমেরিকান ক্লিন সুইপের পর এবার নারী ১০০ মিটার স্প্রিন্টে জ্যামাইকান ক্লিন সুইপ দেখল ইউজেনি চ্যাম্পিয়নশিপ। শেরিকা জ্যাকসন ১০.৭৩ সেকেন্ড সময় নিয়ে রৌপ্য ও এলাইন থম্পসন-হেরাহ ১০.৮১ সেকেন্ড সময় নিয়ে ব্রোঞ্জ জিতেছেন।
পুরুষদের ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে মোট তিনবার এমন ঘটনা ঘটলেও নারীদের ক্ষেত্রে এই প্রথম। যদিও এ তিন নারী গত বছর টোকিও অলিম্পিকে তিনটি পদক ভাগাভাগি করেন। এছাড়া জ্যামাইকার মেয়েরা ২০০৮ সালের বেইজিং অলিম্পিকেও এ কীর্তি গড়েন। যদিও ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে এই প্রথম।








