বিদ্রোহী গানের সুরে নজরুল যেমন মুক্তির পথ দেখাতেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানও তেমনি করে একই বিদ্রোহের সুরে স্বাধীনতা এনে দিয়েছেন বলে মন্তব্য করেছেন মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মো. আব্দুর রহমান।
গতকাল কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলার ৬ নং পূর্ব বাঙ্গঁরা ইউনিয়ন পরিষদ আয়োজিত বিশ্ব বঙ্গ সাহিত্য ও সংস্কৃতি সম্মেলনের ‘বাংলাদেশ সম্মেলন ২০২৪’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়।
৬ নং পূর্ব বাঙ্গঁরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. শেখ জাকির হোসেন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। এতে উদ্বোধক ছিলেন কুমিল্লা-৩ আসনের সংসদ সদস্য জাহাঙ্গীর আলম সরকার। এছাড়া মুরাদনগরের উপজেলা চেয়ারম্যান ড. আহসানুল আলম সরকার কিশোর, উপজেলা নির্বাহী অফিসার সিফাত উদ্দিন ও বিশ্ব বঙ্গ সাহিত্য ও সংস্কৃতি কেন্দ্রীয় সম্পাদক রাধাকান্ত সরকার উপস্থিত ছিলেন।
মন্ত্রী বলেন, ‘নজরুলের বিদ্রোহের সুরে আন্দোলিত হয়ে হাজার হাজার মানুষ স্বাধীনভাবে বাঁচবার সংগ্রামে সেদিন ঝাঁপিয়ে পড়েছিল। তার কবিতায় মানুষ নিয়ে তার ভাবনা ছিল। বিদ্রোহী গানের সুরে নজরুল যেমন মুক্তির পথ দেখাতেন ঠিক জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানও তেমন করে একই বিদ্রোহের সুরে ৭ মার্চের ভাষণে বলেছিলেন, এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। আমি প্রধানমন্ত্রীত্ব চাই না, আমি এ দেশের মানুষের অধিকার চাই।’
নজরুলকে নিয়ে তিনি আরো বলেন, ‘নজরুল এক বিশাল সমুদ্র। নজরুল আমাদের বিদ্রোহের, আমাদের সাম্যের ও গণমানুষের কবি।’










