তীব্র আর্থিক সংকটে রয়েছে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন। বর্তমানে এটির অপারেশনাল অ্যাকাউন্টে এক লাখেরও কম টাকা জমা আছে। এ অবস্থায় নিজেদের এক মাসের বেতন অনুদান হিসেবে দিয়ে দিতে সংসদের সদস্যদের প্রতি আহ্বান জানিয়েছেন ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল (অব.) কামাল আকবর।

বৃহস্পতিবার বিকালে রাজধানীর শাহবাগে ফাউন্ডেশনের কার্যালয়ে আয়োজিত সংবাদ ব্রিফিংয়ে এ আহ্বান জানান তিনি। এ সময় ফাউন্ডেশনের কর্মকর্তা ও শহীদ পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা বলেন, অর্থসংকটে ফাউন্ডেশনের কর্মকর্তা-কর্মচারীদের চলতি মাসের বেতন এবং অফিসের নিয়মিত খরচ চালানো অনিশ্চিত হয়ে পড়েছে। একইসঙ্গে আহত ও শহীদ পরিবারের জন্য বরাদ্দ অর্থের ক্ষেত্রেও বড় ধরনের ঘাটতি দেখা দিয়েছে। ফাউন্ডেশনের এ সংকটের পেছনে আমলাতান্ত্রিক জটিলতা ও ফাউন্ডেশনের ভাবমূর্তিকে দায়ী করেন তিনি।

সংবাদ সম্মেলনে জুলাই ফাউন্ডেশনের ২০২৪-২৫ অর্থবছরের বার্ষিক প্রতিবেদন উপস্থাপন করে তিনি জানান, জুলাই আন্দোলনে আহতদের ক্যাটাগরি অনুযায়ী সহায়তা প্রদানের জন্য মোট ৩৩৭ কোটি টাকার প্রয়োজন ছিল। ফাউন্ডেশনের যাত্রার শুরুতে তৎকালীন অন্তর্বর্তী সরকারের অনুদান ও বিভিন্ন খাত থেকে মাত্র ১২০ কোটি টাকা ফাউন্ডেশন পেয়েছে।

জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের ভাবমূর্তি ক্ষুণ্ণের বিষয়ে তিনি বলেন, ৮৩২ শহীদ পরিবার ও ক্যাটাগরি ভিত্তিক আহত ৬ হাজার ১২৭ জনকে ফাউন্ডেশনের পক্ষ থেকে অনুদান দেয়া হয়েছে। তবে আর্থিক সংকটে এখন পর্যন্ত ৮ হাজারের বেশি আহতকে তারা সহায়তা করতে পারেননি। ফলে বেশিরভাগ জুলাই আহত ফাউন্ডেশনকে নিয়ে ভুল ধারণা করছে। নেতিবাচক মন্তব্য করছে। সংকট কাটাতে ফাউন্ডেশনের পক্ষ থেকে সরকারের বিভিন্ন পর্যায়ে যোগাযোগ অব্যাহত আছে।

কামাল আকবর আরো বলেন, জুলাই ফাউন্ডেশন বর্তমানে সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোর কাছ থেকে ইতিবাচক সাড়া পাওয়ার অপেক্ষায় রয়েছে এবং এ সংকট কাটিয়ে উঠতে ব্যক্তিগত ও প্রাতিষ্ঠানিক অনুদান প্রত্যাশা করছে।

এ সময় জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক শহীদ সাংবাদিক তাহির জামান প্রিয়র মা সামসি আরা জামান, অর্থ সম্পাদক আহসান হাবিবসহ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।