সিলেটে বিএনপির বিভাগীয় সমাবেশের আগে সুনামগঞ্জে চার দফা দাবিতে ধর্মঘট পালন করছে পরিবহন মালিক সমিতি ও সড়ক পরিবহন ফেডারেশন। আজ শুক্রবার ভোরে শুরু হওয়া কর্মসূচি চলবে থেকে আগামীকাল সন্ধ্যা পর্যন্ত।

এতে বাস বন্ধ থাকায় ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। সরেজমিনে দেখা যায়, কেউ কেউ অতিরিক্ত ভাড়া দিয়ে বিকল্প ব্যবস্থায় গন্তব্যে যাওয়ার চেষ্টা করছেন। আবার অনেকে বাস না পেয়ে বাড়ি ফিরে যাচ্ছেন।

সকালে সুনামগঞ্জ শহরের নতুন বাস স্টেশনসহ অন্যান্য স্টেশন এলাকায় গিয়ে দেখা যায়, কোনো স্ট্যান্ড থেকে ছেড়ে যায়নি বাস। বন্ধ টিকিট কাউন্টারও।

পরিবহন মালিক সমিতি ও সড়ক পরিবহন ফেডারেশনের পক্ষ থেকে জানানো হয়েছে, অবৈধ টোল আদায় বন্ধ, অবৈধ সিএনজি চলাচল বন্ধসহ চার দফা দাবিতে ধর্মঘটের ডাক দিয়েছেন তারা।

তবে বিএনপি নেতাকর্মীদের দাবি, আগামীকাল শনিবার সিলেটে অনুষ্ঠিতব্য সমাবেশে বাধা তৈরি করতেই গণপরিবহন বন্ধ রাখা হচ্ছে।

বরাবরের মতোই এ অভিযোগ অস্বীকার করেছেন পরিবহনের নেতাকর্মীরা। সুনামগঞ্জ জেলা সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক জুয়েল মিয়া বলেন, মালিক ও শ্রমিকদের স্বার্থেই ধর্মঘটের আহ্বান করা হয়েছে।

একই সংগঠনের সভাপতি মোজাম্মেল হক বলেন, এটি তাদের ধারাবাহিক কর্মসূচির অংশ।