গতকাল রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে যৌথ সভা শেষে এক সংবাদ সম্মেলনে তিনি এমন মন্তব্য করেন। ত্রয়োদশ সংসদ নির্বাচনে বিএনপির ক্ষমতায় আসা প্রসঙ্গে জামায়াত আমির শফিকুর রহমানের বক্তব্যের নিন্দা জানিয়ে তিনি এ বথা বলেন।

মির্জা ফখরুল বলেন, ‘আমি আজকে এক পত্রিকায় একটি সংবাদ দেখলাম জামায়াতে ইসলামীর আমির বলছেন বিএনপি ইঞ্জিনিয়ারিং করে ক্ষমতায় এসেছে। সংবাদটি আমাকে অত্যন্ত আহত করেছে। আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং তিনি বা তার দল যে কখনই সুস্থভাবে চিন্তা করেন না তা প্রমাণিত হয়েছে।’

নির্বাচন নিয়ে মির্জা ফখরুল বলেন, ‘সমগ্র পৃথিবীর দেশগুলো থেকে যারা অবজারভার এসেছিল, বাংলাদেশের সব প্রতিষ্ঠান, পত্রপত্রিকা মিডিয়া এক বাক্যে স্বীকার করেছে নির্বাচনটি ছিল এ কালের অর্থাৎ বাংলাদেশের জন্মের পর থেকে সবচেয়ে নিরপেক্ষ, অবাধ ও সুষ্ঠু। সে সুষ্ঠু বিচারের মধ্য দিয়েই বিএনপি সরকার গঠন করার সুযোগ পেয়েছে। সুতরাং জামায়াতে ইসলামীর আমিরের এ বক্তব্য শুধু প্রত্যাখ্যান করছি না, নিন্দা ও ক্ষোভ প্রকাশ করছি।’

তিনি বলেন, ‘আমরা ২০২৪-এর ৫ আগস্টের পরে যে সুযোগ পেয়েছি বাংলাদেশে গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেয়ার, সে প্রচেষ্টাকে নষ্ট করে দেয়া, সুযোগকে নষ্ট করা এবং আবার একটা ফ্যাসিস্ট শাসনের পাঁয়তারা তারা (জামায়াত) করছে কিনা সেটা আমাদের চিন্তা করতে হবে, দেশবাসীকে চিন্তা করতে হবে। ভিন্নভাবে দেশকে আবার স্বৈরাচারের মধ্যে তারা নিতে চায় কিনা সেটাও আমাদের চিন্তা করতে হবে।’