‎পানিসম্পদমন্ত্রী মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, আইন-শৃঙ্খলা এবং মাদক নির্মুল একটি শান্তিপূর্ণ সমাজ গঠনের মূল ভিত্তি। প্রগতিশীল ও উন্নত সমাজ বির্নিমানে স্থিতিশীল আইন-শৃঙ্খলা অপরিহার্য।

‎আজ মঙ্গলবার লক্ষ্মীপুর জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন পানিসম্পদমন্ত্রী।‎

‎মন্ত্রী বলেন, মাদক আমাদের যুব সমাজকে ধ্বংস করছে। মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করতে হবে। যত বড় প্রভাবশালী হোক মাদক কারবারী এবং আইন-শৃঙ্খলা অবনতিকারীদের কোনো ছাড় দেয়া হবে না।

‎এ সময় কিশোর গ্যাংয়ের তৎপরতা ও ইভটিজিং প্রতিরোধে প্রশাসনকে টহল জোরদার করতে বলেন তিনি। নিরাপদ লক্ষ্মীপুর গড়তে যার যার অবস্থান থেকে সততা, নিষ্ঠা ও আন্তরিকতার সহিত দায়িত্ব পালনের আহ্বান জানান মন্ত্রী।‎

এ সময় লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য মো. আবুল খায়ের ভূইয়া, লক্ষ্মীপুর-১ আসনের সংসদ সদস্য মো. শাহাদাত হোসেন সেলিম বিশেষ অতিথি ছিলেন।

জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট এস এম মেহেদী হাসানের সভাপতিত্ব অনুষ্ঠিত সভায় পুলিশ সুপার তারেক হাসান উপস্থিত ছিলেন। এছাড়াও ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তা, সুশীল সমাজের প্রতিনিধি, আইনজীবী, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণী-পেশার প্রতিনিধি উপস্থিত ছিলেন।