যুক্তরাষ্ট্রে নিখোঁজ বাংলাদেশী শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টিও মারা গেছেন। নিহতের ভাই জাহিদ হাসান প্রান্ত বিষয়টি নিশ্চিত করে বলেছেন, পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, তবে তার মরদেহ এখনো পাওয়া যায়নি। আজ শনিবার সকালে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেয়া এক পোস্টে তিনি এ তথ্য জানান।

পোস্টে প্রান্ত লিখেছেন, পুলিশ আমাকে ফোন করে মৃত্যুর খবর জানায়। তারা জানান, বাসার ভেতরে রক্তের মধ্যে পাওয়া মৃতদেহের একটি অংশের সঙ্গে ডিএনএ মিল পাওয়া গেছে। তবে পূর্ণাঙ্গ মরদেহ পাওয়া যাবে কি না, তা নিশ্চিত নয়।

নাহিদা সুলতানা বৃষ্টি নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) অ্যাপ্লাইড কেমিস্ট্রি অ্যান্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং (এসিসিই) বিভাগের ১৩তম ব্যাচের সাবেক শিক্ষার্থী ছিলেন।

এর আগে, স্থানীয় সময় শুক্রবার যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার ট্যাম্পার হাওয়ার্ড ফ্র্যাঙ্কল্যান্ড ব্রিজ থেকে অপর নিখোঁজ শিক্ষার্থী জামিল লিমনের মরদেহ উদ্ধারের কথা জানায় পুলিশ।

এ ঘটনায় একজনকে গ্রেফতার করেছে পুলিশ। ওই ব্যক্তির নাম হিশাম আবুঘরবেহ (২৬)। জামিলের রুমমেট ছিলেন তিনি। হিলসবরো কাউন্টি শেরিফের (পুলিশ) কার্যালয় জানিয়েছে, হিশামকে জিজ্ঞাসাবাদের পর শুক্রবার ফ্লোরিডার হাওয়ার্ড ফ্রাঙ্কল্যান্ড ব্রিজ এলাকা থেকে জামিলের মরদেহ উদ্ধার করা হয়।

পুলিশ আরো জানায়, জামিলের সাথে নিখোঁজ হওয়া ২৭ বছর বয়সি অন্য শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টির এখনো সন্ধান মেলেনি। তাকে খুঁজে বের করতে পুলিশ এবং গোয়েন্দা সংস্থার একাধিক ইউনিট বর্তমানে নিবিড়ভাবে তল্লাশি চালিয়ে যাচ্ছে।