ওয়ানডে ক্রিকেটে দ্রুততম ৫ হাজার রান করার
রেকর্ড গড়লেন পাকিস্তান দলনায়ক বাবর আজম। আজ শুক্রবার করাচিতে নিউজিল্যান্ডের
বিপক্ষে সিরিজে চতুর্থ ওয়ানডে ম্যাচে বাবরের ১০৭ রানের ইনিংস খেলার পথে এই রেকর্ড
গড়েন তিনি। বাবরের ব্যাটে ভর করে ৬ উইকেটে ৩৩৪ রান তোলে পাকিস্তান। এটা তার ১৮তম
ওয়ানডে সেঞ্চুরি।
৪ হাজার ৯৮১ রান নিয়ে আজ ব্যাটিং শুর করা
বাবর ১৯ রান তুলেই দ্রুততম ৫ হাজার রানের রেকর্ড গড়েন। মাত্র ৯৭ ইনিংস খেলে ৫
হাজার রান পূর্ণ করলেন ডানহাতি এই ব্যাটার। আগের দ্রুততম ৫ হাজার রানের রেকর্ড ছিল
দক্ষিণ আফ্রিকার হাশিম আমলার, যিনি ১০১ ইনিংসে এই মাইলফলকে পৌঁছেছিলেন। এছাড়া ভিভ
রিচার্ডসের ১১৪ ইনিংসে, বিরাট কোহলির ১১৪ ইনিংসে, ডেভিড ওয়ার্নারের ১১৫ ইনিংসে, জো
রুটের ১১৬ ইনিংসে, কুইন্টন ডি ককের ১১৬ ইনিংসে ও ব্রায়ান লারার ১১৮ ইনিংসে ৫ হাজার
রান করার কীর্তি রয়েছে। এদের সবার উপরে বাবর।
৪৮তম ওভারের শেষ বলে আউট হওয়ার আগে ১১৭ বলে
১০ বাউন্ডারির সাহায্যে ১০৭ রান করেন বাবর। এছাড়া টেস্টে ৯টি ও টি২০তে ৩টি
সেঞ্চুরি করেছেন পাকিস্তান দলনায়ক।
মিডল অর্ডারে ৪৬ বলে ৫৮ রান করেন আগা
সালমান। চতুর্থ উইকেটে বাবেরকে নিয়ে ১০০ বলে ১১৭ রান যোগ করেন তিনি। আর শেষ দিকে
ইফতিখার আহমেদ (২২ বলে ২৮), শাহিন শাহ আফ্রিদি (৭ বলে ২৩*) ও মোহাম্মদ হারিসের (৮
বলে ১৭*) ব্যাটে ভর করে ৩৩৪ রানের বিশাল সংগ্রহ পায় পাকিস্তান।
নিউজিল্যান্ডের ম্যাট হেনরি ৬৩ রানের খরচায়
৩টি উইকেট নেন। পাঁচ ম্যাচের সিরিজে ৩-০তে এগিয়ে পাকিস্তান।










