বগুড়ায় ট্রাকচাপায় গার্মেন্টস কর্মী দুই বোনসহ তিনজন নিহত হয়েছেন। এছাড়া সড়ক দুর্ঘটনায় বরিশাল, গাইবান্ধা ও চাঁদপুরে আরো তিনজনের প্রাণহানি হয়েছে। গতকাল ও আগের দিন রাতে এসব দুর্ঘটনায় আহত হয়েছেন বেশ কয়েকজন। বিস্তারিত প্রতিনিধিদের পাঠানো খবরে—

বগুড়া: ট্রাকচাপায় গার্মেন্টস কর্মী দুই চাচাতো বোন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো একজন। গতকাল সকালে বগুড়ার শেরপুর উপজেলার ভবানীপুরে এ দুর্ঘটনা ঘটে। এছাড়া শনিবার রাতে সারিয়াকান্দি উপজেলার প্রেম যমুনার ঘাট নামক স্থানে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে নিরব সরকার নামে এক যুবক নিহত হয়েছে।

নিহত দুই বোন হলেন নূপুর আক্তার (২২) ও রুনা আক্তার (১৮)। নূপুর গাইবান্ধা উপজেলার দক্ষিণ গ্রিদারী গ্রামের নজরুল ইসলামে মেয়ে এবং রুনা একই এলাকার আব্দুর রশিদের মেয়ে।

শেরপুর হাইওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ আজিজুল ইসলাম জানান, রাতে নূপুর আক্তারের মা মারা যান। খবর পেয়ে ভোরে মোটরসাইকেল নিয়ে গাজীপুর থেকে নূপুর আক্তার তার স্বামী রাকিবুল ইসলাম ও চাচাতো বোন রুনা আক্তার রওনা হন। শেরপুর উপজেলার ভবানীপুর ইউনিয়নের ওমেরা গ্যাস পাম্পের সামনে মোটরসাইকেলটি রাস্তার ওপর পড়ে যায়। এ সময় পেছনে থাকা একটি ট্রাকের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই নূপুর আক্তার ও রুনা আক্তার মারা যান। মোটরসাইকেল চালক রাকিবুল ইসলাম গুরুতর আহত হন। তারা তিনজনই পোশাক কারখানায় চাকরি করতেন।

অন্যদিকে সারিয়াকান্দিতে মোটরসাইকেলে নিয়ন্ত্রণ হারিয়ে নিরব সরকার নামে এক যুবক নিহত হয়েছেন। নিরব উপজেলার চান্দিনা নোয়ারপাড়া গ্রামের নিরঞ্জন সরকারের ছেলে। তিনি পাবনা এডওয়ার্ড কলেজের এইচএসসি দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন।

নিহতের পরিবার সূত্রে জানা গেছে, নিরব সারিয়াকান্দি-কুতুবপুর সড়কে মোটরসাইকেল চালাচ্ছিলেন। এ সময় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের ওপর পড়ে। এতে মাথায় আঘাত পান নিরব। পরে তাকে উদ্ধার করে সারিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে অবস্থা অবনতি হলে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ১১টার দিকে তিনি মারা যান।

বরিশাল: মিনি ট্রাকচাপায় আতিকুর রহমান (৩৮) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। গতকাল সকালে বরিশাল নগরীর আমতলা মোড়ে এ দুর্ঘটনা ঘটে। বরিশাল কোতোয়ালি মডেল থানার ওসি মিজানুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। আতিকুর রহমান বাকেরগঞ্জ উপজেলার জয়নাল আবেদীনের ছেলে।

গাইবান্ধা: জেলার সাঘাটায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে আবু সাঈদ (৫০) নামে এক স্কুল শিক্ষক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন তার স্ত্রী মোর্শেদা বেগম (৪৫)। গতকাল দুপুর ১২টার দিকে গাইবান্ধা-সাঘাটা সড়কের ভাঙ্গামোড় নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত আবু সাঈদ ভরতখালী ইউনিয়নের উত্তর উল্যা গ্রামের জমির উদ্দিনের ছেলে। তিনি পাশের ফুলছড়ি উপজেলার বাজেফুলছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন।

চাঁদপুর: হাজীগঞ্জে দুই মোটরসাইকেলের সংঘর্ষে মো. সুজন হাজী (৩৫) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো দুজন। তাদের চাঁদপুর সদর হাসপাতাল থেকে ঢাকায় রেফার করা হয়েছে। গতকাল বিকালে উপজেলার বাকিলা বাজারের কাছে এ দুর্ঘটনা ঘটে। নিহত সুজন হাজী সদর উপজেলার মহামায়া লোদেরগাঁও হাজী বাড়ির খোরশেদ আলম হাজীর ছেলে।