অনির্দিষ্টকালের জন্য ময়লা পরিষ্কারের কাজ বন্ধ করে দেয়ার হুঁশিয়ারি দিয়েছে চট্টগ্রামের হরিজন সম্প্রদায়। চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে গতকাল অনুষ্ঠিত এক প্রতিবাদ সমাবেশে এ হুঁশিয়ারি দেয়া হয়। পুরান ঢাকার বংশালের মিরনজিল্লা হরিজন কলোনিতে সিটি করপোরেশনের উচ্ছেদের সময় হরিজন সম্প্রদায়ের লোকজনের ওপর হামলার ঘটনায় বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের ডাকে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
প্রতিবাদ সমাবেশে চট্টগ্রামের ঝাউতলা হরিজন সম্প্রদায়ের প্রধান উপদেষ্টা বাদল চন্দ্র দাস বলেন, ‘আমরা একদিন ময়লা পরিষ্কার না করলে দুর্গন্ধে শহরের রাস্তায় হেঁটে চলার উপক্রম থাকে না। রাত-দিন মানুষের সেবা করে বিনিময়ে রাজনৈতিক মানুষের হাতে নির্যাতনের শিকার হতে হচ্ছে। বর্তমানে আমাদের সঙ্গে ময়লার মতোই আচরণ করা হচ্ছে। কিছু মানুষ আমাদের বাসস্থান থেকে উচ্ছেদ করে সমাজের এক কোণে ছুড়ে ফেলার যড়যন্ত্রে লিপ্ত হচ্ছে। প্রয়োজনে চট্টগ্রাম হরিজন সম্প্রদায় রাজধানী মিরনজিল্লা এলাকায় অবস্থান নেবে।’
চট্টগ্রাম পুণ্ডরীক ধাম ইসকন মন্দিরের অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণ মহারাজ বলেন, ‘হরিজন সম্প্রদায়ের লোকজন মানুষকে পরিবেশ দূষণ থেকে রক্ষা করতে রাত-দিন অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে। কিন্তু সম্প্রতি পুরান ঢাকার আগা সাদেক রোডের পাশে মিরনজিল্লা সুইপার কলোনির একটি অংশ বাণিজ্য কাজে ব্যবহারের জন্য তাদের উচ্ছেদের চেষ্টা চলছে।’










