জয়পুরহাট সদর উপজেলার আনসার ভিডিপি রোড চকশ্যাম ব্রিজের উত্তর পাশ থেকে দিলীপ বর্মন (৫৫) নামে এক রিকশাচালকের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১৩ নভেম্বর) দিবাগত রাতে চকশ্যাম ব্রিজের উত্তর পাশের শহরের হাতিল বুলুপাড়ায় এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করে মর্গে প্রেরণ করা হয়েছে। মৃত দিলীপ সদর উপজেলার দোগাছী ইউনিয়নের খোনাপাড়া গুচ্ছগ্রামের মাখন বর্মনের ছেলে।

পুলিশ ও স্থানীয় এলাকাবাসী সূত্রে জানা যায়, দিলীপ ব্যাটারিচালিত অটোরিকশা চালক। রাতে শহর ও এলাকার আশপাশেই রিকশা চালাতেন। প্রতিদিনের মতো বুধবার সন্ধ্যার পরে রিকশা নিয়ে বের হন তিনি। এরপর আর বাসায় আর ফিরে যাননি।

বৃহস্পতিবার (১৪ নভেম্বর) সকালে স্থানীয়রা হাঁটাহাঁটি করতে এসে গলায় ছুরিকাঘাত করা মৃতদেহটি রাস্তার পাশে দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে মর্গে পাঠায় পুলিশ।

জয়পুরহাট সদর থানার অফিসার ইনচার্জ শাহেদ আল মামুন জানান, আমরা খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি এবং মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। এ ঘটনার রহস্য উদঘাটনে পুলিশের জোর চেষ্টা অব্যাহত রয়েছে। খুব দ্রুত রিকশা উদ্ধারসহ আসামিকেও শনাক্ত করা হবে।