নাটোরের নলডাঙ্গা ও গুরুদাসপুর উপজেলায় সার সংকটের অভিযোগ উঠেছে। দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়েও চাহিদামতো সার না পেয়ে ক্ষোভ প্রকাশ করেছেন কৃষকরা। তবে জেলায় সার সংকট নেই বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তা।
বুধবার দুপুরের দিকে জেলার নলডাঙ্গা উপজেলার মাধনগরে ডিলারের দোকানের সামনে সারের জন্য দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থেকেও সার না পাওয়ায় কৃষকদের মাঝে উত্তোজনা ছড়িয়ে পড়ে। পরিস্থিতি অবনতি হওয়ায় এবং অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশ সেখানে গিয়ে পরিস্থিতি শান্ত করে। পরে সুশৃঙ্খলভাবে সার বিতরণ করা হয়। একই চিত্র দেখা গেছে জেলার গুরুদাসপুর উপজেলার চাঁচকৈড় বাজারেও। সারের জন্য কৃষকদের দীর্ঘ অপেক্ষায় থাকতে হয়েছে।
কৃষকরা জানান, বর্তমান বোরো ও রবি মৌসুমে সারের চাহিদা বেশি। অথচ ডিলারের দোকানে পর্যাপ্ত সার সরবরাহ না থাকায় ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে থেকেও খালি হাতে ফিরতে হচ্ছে তাদের। অনেকে ভোররাত থেকেই লাইনে দাঁড়িয়ে থেকেও সার সংগ্রহ করতে পারছেন না। এতে কৃষিকাজ ব্যহত হচ্ছে। ফলে তাদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে।
এদিকে সার সংকট নেই বলে জানিয়েছেন নলডাঙ্গা উপজেলা কৃষি কর্মকর্তা সবুজ আলী। তিনি জানান, সারের কোনো কৃত্রিম সংকট যেন তৈরি না, সেজন্য ডিলার পর্যায়ে তদারকি জোরদার করা হয়েছে। কৃষকদের আতঙ্কিত না হওয়ার পরামর্শ দেয়া হয়েছে। পর্যায়ক্রমে প্রতিটি এলাকায় পর্যাপ্ত সার সরবরাহ করা হবে।










