বছরের অধিকাংশ সময়ই ঢাকার বাতাসের মান ‘অস্বাস্থ্যকর’ পর্যায়ে থাকে। তবে নানা কারণে এর ব্যতিক্রমও দেখা যায়। আজ শুক্রবার ছুটির দিনে ঢাকার বাতাসের মান বেশ ভালো পর্যায়ে রয়েছে।

বায়ুর মান পর্যবেক্ষণকারী আন্তর্জাতিক সংস্থা আইকিউ এয়ারের বিশ্বের সবচেয়ে দূষিত বাতাসের শহরের তালিকায় আজ ঢাকার অবস্থান ৬৪তম। এদিন সকাল ১০টার দিকে ঢাকার বাতাসে দূষণ বা এয়ার কোয়ালিটি ইনডেস্ক স্কোর ছিল ৪২। সে বিবেচনায় আজ ঢাকার বাতাস বেশ ভালো পর্যায়ে আছে বলে ধরে নেয়া যায়।

হালনাগাদ তথ্য বলছে, আজ বিশ্বে বায়ুদূষণের তালিকায় শীর্ষে বা দূষণের সর্বোচ্চ স্তরে অবস্থান করছে ইন্দোনেশিয়ার জাকার্তা (স্কোর ১৭৬)। ১৬২ স্কোর নিয়ে তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে সেনেগালের ড্যাকার শহর।

তালিকার শীর্ষে থাকা ১০টি দেশের মধ্যে ১৫৬ স্কোর নিয়ে তৃতীয় অবস্থানে রয়েছে উগান্ডার কাম্পালা। এরপর অন্য শহরগুলোর স্কোর যথাক্রমে- মিশরের কায়রো ১৫৫, আফগানিস্তানের কাবুল ১৫১, পাকিস্তানের লাহোর ১৩৭, নেপালের কাঠমান্ডু ১৩৪, সৌদি আরবের রিয়াদ ১২২, চিলির সান্তিয়াগো ১২১ ও ফিলিপাইনের ম্যানিলা ১৫৫।

অন্যদিকে, আজ বাতাসের মান সবচেয়ে ভালো অস্ট্রেলিয়ার ক্যানবেরায়। শহরটির দূষণ স্কোর ৯। এরপরই রয়েছে ডেনমার্কের কোপেনহেগেন, থাইল্যান্ডের চিয়াং মাই, যুক্তরাষ্ট্রের পোর্টল্যান্ড, অস্ট্রেলিয়ার সিডনি, কানাডার ভ্যানকুভার, যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসি, ও কানাডার টরেন্টো।

বায়ুমান পর্যবেক্ষণকারী এ সংস্থার সূচক বলছে, বায়ুদূষণের স্কোর শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে তাকে ‘ভালো’ ধরা হয়। ৫১ থেকে ১০০ হলে তা ‘মাঝারি’ বা ‘সহনীয়’ হিসেবে বিবেচিত। এছাড়া ১০১ থেকে ১৫০ স্কোর সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর। ১৫১ থেকে ২০০ স্কোর অস্বাস্থ্যকর। ২০১ থেকে ৩০০ স্কোর খুবই অস্বাস্থ্যকর। ৩০১-এর বেশি স্কোর দুর্যোগপূর্ণ বা বিপজ্জনক।