শেরপুরের ঝিনাইগাতী সীমান্ত এলাকা থেকে আবারও বন্যহাতির মরদেহ উদ্ধার করা হয়েছে। গতকাল সকালে উপজেলার কাংশা ইউনিয়নের গজনী আঠার ঝুড়া নামক স্থান থেকে মরদেহটি উদ্ধার করেন বন বিভাগের সদস্যরা।
বন বিভাগ সূত্রে জানা গেছে, গতকাল ঝিনাইগাতী উপজেলার কাংশা ইউনিয়নের গজনী আঠার ঝুড়া নামক স্থানে সকালে হাতির মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা বন বিভাগকে খবর দেয়। এরপর রাংটিয়া ফরেস্ট রেঞ্জ কর্মকর্তা মো. মকরুল ইসলাম আকন্দের নেতৃত্বে ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করেন বন বিভাগের সদস্যরা। মৃত মাদি হাতিটির বয়স আনুমানিক ১০ বছর।
এ ব্যাপারে ঝিনাইগাতী উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারুক আল মাসুদ সাংবাদিকদের বলেন, আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। মৃত হাতিটির দেহে কোনো আঘাতের চিহ্ন নেই। প্রাণিসম্পদ অধিদপ্তরের প্রাথমিক ধারণা, খাদ্যে বিষক্রিয়ার কারণে হাতিটির মৃত্যু হয়েছে। ময়নাতদন্তের পর মরদেহটি মাটিচাপা দেয়া হয়েছে।










