মধ্যপ্রাচ্যে একটি বিমানবাহী রণতরি পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রতিরক্ষা দফতর পেন্টাগনের নির্দেশে দেশটির বিমানবাহী রণতরি ‘ইউএসএস আব্রাহাম লিংকন’ এবং এর সঙ্গে থাকা ‘স্ট্রাইক গ্রুপ’ দক্ষিণ চীন সাগর থেকে মধ্যপ্রাচ্যের দিকে যাত্রা শুরু করেছে। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) মার্কিন গণমাধ্যম নিউজ নেশনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

দ্য ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছে, গত অক্টোবরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে ভূমধ্যসাগর থেকে বিমানবাহী মার্কিন রণতরি ইউএসএস জেরাল্ড আর ফোর্ড ক্যারিবীয় অঞ্চলে পাঠানো হয়। এর ফলে বর্তমানে ইরানের বিরুদ্ধে সম্ভাব্য কোনো সামরিক অভিযানে অংশ নেয়ার মতো অবস্থানে যুক্তরাষ্ট্রের কোনো বিমানবাহী রণতরি (মধ্যপ্রাচ্য বা এর আশপাশের অঞ্চলে) নেই। অতীতে তেহরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের উত্তেজনার সময় কখনো এমন পরিস্থিতির সৃষ্টি হয়নি।

মার্কিন নৌবাহিনী এক কর্মকর্তার বরাতে ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনে বলা হয়েছে, বর্তমানে ক্যারিবীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের ১২টি যুদ্ধজাহাজ মোতায়েন করা আছে। সে তুলনায় বর্তমানে মধ্যপ্রাচ্যে তাদের যুদ্ধজাহাজ রয়েছে ছয়টি।