বিদেশে পাচারের সময় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে দেশীয় প্রজাতির ১ হাজার ১৬৩টি ‘কড়ি কাইট্টা’ কচ্ছপ উদ্ধার করেছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। এ সময় পাচারকারী সন্দেহে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে।

বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিট গতকাল এক বিবৃতিতে জানিয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ ও বিমানবন্দর কর্তৃপক্ষকে সঙ্গে নিয়ে অভিযানটি চালানো হয়। পরে মালয়েশিয়াগামী একটি ফ্লাইটের যাত্রীর একাধিক লাগেজ থেকে কচ্ছপগুলো জীবিত অবস্থায় উদ্ধার করা হয়।

গ্রেফতার ব্যক্তি দাবি করেছেন, তিনি অর্থের বিনিময়ে লাগেজগুলো মালয়েশিয়া নিয়ে যাচ্ছিলেন। ঘটনার সঙ্গে বড় একটি চক্র জড়িত বলে ধারণা করছেন কর্মকর্তারা। এ ঘটনায় বিমানবন্দর থানায় একটি মামলা করেছে বন অধিদপ্তর। প্রাথমিক পরিচর্যা শেষে উদ্ধার হওয়া কচ্ছপগুলোকে দ্রুতই প্রাকৃতিক পরিবেশে অবমুক্ত করা হবে বলেও জানিয়েছেন কর্মকর্তারা।