জনগণের দাবি অনুসারে ‘কুমিল্লা’ নামে বিভাগ হবে। এমনটা বলেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ দুপুর দেড়টায় কুমিল্লার বরুড়া উপজেলার লক্ষ্মীপুর বাজার মাঠে এক পথ সভায় এ কথা বলেন তিনি।
প্রধানমন্ত্রী বলেছেন, 'কুমিল্লা নামে বিভাগ হওয়াটা যদি এই অঞ্চলের জনগণের দাবি হয়ে থাকে ইনশাল্লাহ সেটির বাস্তবায়ন হবে। বিএনপি সরকার জনগণের সকল দাবি পর্যায়ক্রমিক ভাবে পূরণ করবে।'
প্রধানমন্ত্রী একই সঙ্গে কুমিল্লায় কৃষি বিশ্ববিদ্যালয় গঠনের বিষয়ে শিগগিরই শিক্ষামন্ত্রীর সঙ্গে আলাপ করে ব্যবস্থা নেয়ার কথাও তুলে ধরেন।
সভায় কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশীদ কুমিল্লাবাসীর পক্ষে ‘কুমিল্লা’ নামে কুমিল্লা বিভাগ এবং কৃষি বিশ্ববিদ্যালয় স্থাপনের দাবি তুলে ধরেন। কর্মীরাও তুমুল করতালি দিয়ে কৃষিমন্ত্রীকে সমর্থন জানায়।
এ সময় প্রধানমন্ত্রী জনগণকে বিএনপি সরকারের শক্তি উল্লেখ করে তাদের সরকারের পাশে থাকার আহ্বান জানান।
চাঁদপুরের উদ্দেশ্যে আজ সকাল ৮টা ৪৫ মিনিটে গুলশানের বাসা থেকে সড়ক পথে প্রধানমন্ত্রীর গাড়িবহর যাত্রা শুরু করে।
চাঁদপুর প্রবেশের আগে কুমিল্লার লক্ষ্মীপুর বাজার মাঠে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানের চাঁদপুরে এটি প্রথম সফর।
সর্বশেষ ২০০৪ সালে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব হিসেবে তারেক রহমান চাঁদপুর সফর করেন।
তিনি দিনব্যাপী সফর শেষে সন্ধ্যা সাড়ে ৬টায় সড়ক পথে ঢাকার উদ্দেশে রওনা হবেন৷










