জামায়াতে ইসলামীর আমির ও সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, শুধুমাত্র দলীয় পরিচয়ের কারণে কেউ যেন জুলুমের শিকার না হয়। আমরা এ দেশ ও নাগরিকদের ভালোবাসি। যদি কেউ জুলুমের শিকার হয় তাহলে আমরা প্রতিবাদ ও প্রতিরোধ গড়ে তুলব।

‎

‎আজ ‎বৃহস্পতিবার নিজ নির্বাচনী এলাকা ঢাকা-১৫ আসনে এক ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি বলেন, সরকারি ও বিরোধীদল মিলে যেন মানুষের অধিকার নিশ্চিত করতে পারি- সেই চেষ্টা অব্যাহত থাকবে।

ডা. শফিকুর রহমান বলেন, এতিমদের থেকে আমরা মনি-মুক্তা বের করে আনতে চাই। তাদের এমনভাবে গড়ে তুলতে চাই, যেন তারা দেশ ও জাতি গঠনে অগ্রণী ভূমিকা রাখতে পারে। তিনি আরো বলেন, যে কাজ করলে আল্লাহ সন্তুষ্ট হন, আমরা আশা রাখব সরকার সেই কাজটাই করবে।

সম্প্রতি দেশের একটি টেলিভিশনের ‎চার সাংবাদিকের চাকরি হারানোর বিষয়ে এক প্রশ্নের জবাবে জামায়াত আমির বলেন, এটা সাংবাদিকদের স্বাধীনতার ওপর নির্লজ্জ আঘাত। আমরা সরকারের কাছে আশা রাখব- সাংবাদিকদের চাকরিতে পুনর্বহাল করা হবে। নইলে আমরা মনে করব সরকার একনায়কতন্ত্রের দিকে যাচ্ছে।

ইফতার মাহফিলে সভাপতিত্ব করেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমির সেলিম উদ্দিন। সঞ্চালনা করেন কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও ঢাকা মহানগর উত্তরের সহকারী সেক্রেটারি ডা. ফখরুদ্দিন মানিক।