সারা দেশে হাম-রুবেলা টিকাদান কর্মসূচির আওতায় এরই মধ্যে দুই কোটি শিশুকে টিকা দেয়া হয়েছে। আগামী এক মাসে আরো প্রায় ৩৫ লাখ শিশুকে এ কর্মসূচির আওতায় আনার লক্ষ্য নিয়ে কাজ চলছে বলে জানিয়েছেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডা. মোহাম্মদ আব্দুল মুহিত।

বুধবার (৭ অক্টোবর) হাম-রুবেলা টিকাদান কর্মসূচি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ তথ্য জানান।

স্বাস্থ্য প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশের স্বাস্থ্যব্যবস্থা পুনর্গঠনে বিভিন্ন চ্যালেঞ্জ রয়েছে। এসব চ্যালেঞ্জ মোকাবেলায় নতুন সরকারের নেতৃত্বে কাজ চলছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে নির্বাচনী প্রচারণা ও নির্বাচনী ইশতেহারে দেশের কোটি কোটি মানুষের স্বাস্থ্যসেবাকে বিশেষ গুরুত্ব দেয়া হয়েছে।

স্বাস্থ্য খাতে মানুষের উৎপাদনশীলতা বাড়ানোর পাশাপাশি রোগ প্রতিরোধমূলক কর্মসূচিতেও বিশেষ গুরুত্ব দেয়া হচ্ছে বলে জানান প্রতিমন্ত্রী। বিভিন্ন টিকাদান কর্মসূচি অব্যাহত রাখার বিষয়টিও সরকার গুরুত্বের সঙ্গে দেখছে। এ কাজে যুক্তরাষ্ট্র সরকার, গ্যাভি, ইউনিসেফ এবং বিশেষ করে ঢাকা উত্তর সিটি করপোরেশনসহ দেশের বিভিন্ন পর্যায়ের স্বাস্থ্যকর্মী ও মাঠপর্যায়ের কর্মীরা সহযোগিতা করছেন।

হাম প্রতিরোধে সরকারের নেয়া কার্যক্রম তুলে ধরে স্বাস্থ্য প্রতিমন্ত্রী বলেন, দায়িত্ব নেয়ার ১৫ দিনের পর থেকেই সরকার এ বিষয়ে কাজ শুরু করেছে। এরই মধ্যে সেই উদ্যোগের অগ্রগতি দেখা যাচ্ছে।

তিনি বলেন, দুই কোটি শিশুকে টিকা দেয়ার পরও সরকার কর্মসূচি থামিয়ে দেয়নি। কারণ প্রতিটি শিশুর জীবন মূল্যবান। একটি শিশুও যেন টিকাদান কর্মসূচি থেকে বাদ না পড়ে, সেটিই বর্তমানে সরকারের লক্ষ্য।

এ কারণেই এবারের কর্মসূচিকে বাদ পড়া শিশুদের খুঁজে টিকা দেয়ার বিশেষ কর্মসূচি হিসেবে নেয়া হয়েছে বলে জানান স্বাস্থ্য প্রতিমন্ত্রী।