সারা দেশে সর্বশেষ ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গে আরো পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে একজনের হাম শনাক্ত হয়েছিল, আর চারজন উপসর্গে মারা গেছে। একই সময়ে নতুন করে ৯০ শিশুর মধ্যে হাম শনাক্ত হয়েছে। এছাড়া সন্দেহজনক হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৮৭৯।
আজ রোববার স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে। প্রতিবেদন অনুযায়ী, হামে আক্রান্ত হয়ে মারা যাওয়া শিশুটি ঢাকা বিভাগের। আর হামের উপসর্গে ঢাকায় দুজন, সিলেটে একজন এবং বরিশালে এক শিশুর মৃত্যু হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হামের উপসর্গে ৬৬৪ শিশুর এবং হাম শনাক্ত হওয়ার পর ৯৪ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে এক লাখ ১১ হাজার ৪৮০ শিশুর মধ্যে হামের উপসর্গ দেখা গেছে। একই সময়ে ১৩ হাজার ৫০০ শিশুর হাম শনাক্ত হয়েছে। সব মিলিয়ে হাম ও হামের উপসর্গে আক্রান্ত শিশুর সংখ্যা দাঁড়িয়েছে এক লাখ ২৪ হাজার ৯৮০।
এ সময়ের মধ্যে হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৯০ হাজার ৬০৫ শিশু। গত ২৪ ঘণ্টায় হামে আক্রান্ত হয়ে ৮৪৯ জন হাসপাতালে ভর্তি হয়েছে। একই সময়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে ৮৪৩ শিশু।








