মাদারীপুরে পদ্মা সেতু প্রকল্পের প্রায় ১০ কোটি টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। এই অভিযোগের ভিত্তিতে ৩ সরকারি কর্মকর্তাসহ ২৩ জনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ বুধবার (৫ মার্চ) দুপুরে মাদারীপুর সমন্বিত দুদক কার্যালয়ের উপ-পরিচালক আতিক রহমান বাদী হয়ে মামলাটি দায়ের করেন।

মামলার নথি থেকে জানা যায়, মাদারীপুরে পদ্মা বহুমুখী সেতু প্রকল্পসহ অন্যান্য গুরুত্বপূর্ণ প্রকল্পের ভূমি অধিগ্রহণে সরকারি খাস জমি, অর্পিত সম্পত্তি ও অন্যের মালিকানাধীন সম্পত্তির ভুয়া রেকর্ড তৈরি করে, জালিয়াতির মাধ্যমে ২৩টি চেকের মাধ্যমে ক্ষমতার অপব্যবহার করে সরকারের ৯ কোটি ৯৭ লাখ ৮৫ হাজার ৫৪ টাকা আত্মসাৎ করা হয়েছে। মাদারীপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সাবেক ভূমি অধিগ্রহণ কর্মকর্তা প্রমথ রঞ্জন ঘটক, সাবেক সার্ভেয়ার রাসেল আহম্মেদ ও সাবেক সার্ভেয়ার মো. নাসিরউদ্দিনসহ স্থানীয় সুবিধাভোগী ২৩ জনের বিরুদ্ধে এই মামলা করা হয়।

মাদারীপুর সমন্বিত দুদক কার্যালয়ের উপ-পরিচালক আতিক রহমান জানান, ভূমি অধিগ্রহণে সরকারি খাস জমি, অর্পিত সম্পত্তি ও অন্যের মালিকানাধীন সম্পত্তির ভুয়া রেকর্ড তৈরি করে, জালিয়াতির মাধ্যমে ২৩টি চেকের মাধ্যমে ক্ষমতার অপব্যবহার করে সরকারের ৯ কোটি ৯৭ লাখ ৮৫ হাজার ৫৪ টাকা আত্মসাতের অভিযোগে তদন্তে সত্যতা পাওয়ায় আসামিদের বিরুদ্ধে দণ্ডবিধির ৪২০/৪০৯/৪৬৭/৪৬৮/৪৭১/১০৯ ধারাসহ ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারায় মামলা করা হয়েছে। শিগগিরই আসামিদের বিরুদ্ধে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।