স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী অধ্যাপক ডা. সামন্ত লাল সেন বলেছেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন বর্তমান সরকার জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দেয়ার লক্ষ্যে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।’
গতকাল দুপুরে দিনাজপুর জেলার খানসামা ও বীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও হাসপাতাল পরিদর্শনকালে এ কথা বলেন তিনি।
স্বাস্থ্যমন্ত্রী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগ, এনসিডি কর্নার, লেবার ওয়ার্ড এবং ওটি রুম পরিদর্শন করেন। এ সময় স্বাস্থ্যমন্ত্রী এনসিডি কর্নারে ব্লাড প্রেসার চেক করেন। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে একটি ঔষধি গাছের চারা রোপণ করেন। এ সময় উপস্থিত ছিলেন স্বাস্থ্যসেবা বিভাগের সচিব জাহাঙ্গীর আলম, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ডা. আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলম, পুলিশ সুপার শাহ ইফতেখার আহমেদ, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক সালাহউদ্দিন আহমেদ, রংপুর বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. এবিএম আবু হানিফ, সিভিল সার্জন ডা. এএইচএম বোরহান-উল-ইসলাম সিদ্দিকী, উপজেলা চেয়ারম্যান সহিদুজ্জামান শাহ ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তাজ উদ্দিন প্রমুখ।










