মুন্সিগঞ্জে নির্বাচন-পরবর্তী সহিংসতার ঘটনা ঘটে। এ সময় সদর উপজেলার আঁধারা ইউনিয়নের শোলারচর ও বকুলতলা গ্রামে অর্ধশতাধিক বাড়ি ভাংচুর করা হয় বলে জানিয়েছেন ভুক্তভোগীরা। এ ঘটনায় আহত হয়েছেন দুই নারীসহ বেশ কয়েকজন। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আলাদা পাঁচটি টিম গঠন করে মাঠে কাজ করছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
হামলায় ক্ষতিগ্রস্তদের অভিযোগ, মুন্সিগঞ্জ-৩ আসনে আওয়ামী লীগের পরাজিত প্রার্থী মৃণাল কান্তি দাসকে সমর্থন জানিয়ে নৌকা প্রতীকে ভোট দেয়ায় বিজয়ী স্বতন্ত্র প্রার্থী ফয়সাল বিপ্লবের সমর্থকরা গতকাল এ হামলা চালিয়েছে।
মুন্সিগঞ্জ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার খায়রুল হাসান বলেন, ‘জড়িতদের গ্রেফতারে চেষ্টা চালাচ্ছে পুলিশ। লুট হওয়া চারটি গরু উদ্ধার করে বুঝিয়ে দেয়া হয়েছে ক্ষতিগ্রস্তদের। এছাড়া নির্বাচনের পর আরো বেশ কয়েকটি সহিংসতার ঘটনা ঘটেছে মুন্সিগঞ্জ সদর উপজেলায়।’










