গাজীপুরের কালীগঞ্জে কাভার্ডভ্যানের চাপায় সিএনজি চালিত অটোরিকশার পাঁচ যাত্রী নিহত হয়েছেন। শনিবার (১৪ সেপ্টেম্বর) রাত ১১টায় কালীগঞ্জ-টঙ্গী-ঘোড়াশাল বাইপাস সড়কের মূলগাঁও মাদ্রাসা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

কালীগঞ্জ ফায়ার সার্ভিসের কর্মকর্তা মোস্তাফিজুর রহমান জানান, ঘটনাস্থলে গিয়ে এক নারীসহ চারজনের মরদেহ উদ্ধার করা হয়। পরে হাসপাতালে নেয়ার পর আরো এক শিশুর মৃত্যু হয়।

নিহতরা হলেন— নরসিংদীর শিবপুরের আখরাশাল এলাকার রাবেয়া বেগম (৭০) ও তার ছেলে মোহাম্মদ আলী (৫৫), মোহাম্মদ আলীর ছেলে আমান উল্লাহ (৫), গাজীপুরের অষ্টগণ কলোনির অমল কুমার কর্মকার (৩৯) এবং সাতক্ষীরার হাজিপুরের নাজমুল (৩৫)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সিএনজি চালিত অটোরিকশাটি নরসিংদীর ঘোড়াশাল থেকে কালীগঞ্জের দিকে আসার পথে বিপরীত দিক থেকে আসা প্রাণ-আরএফএলের পণ্যবাহী কাভার্ডভ্যানের সাথে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই চারজনের মৃত্যু হয়। গুরুতর আহত এক শিশুকে হাসপাতালে নেয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। সিএনজি চালককে মুমূর্ষু অবস্থায় ঢাকা পাঠানো হয়েছে।

কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক রেজিনা আফরিন জানান, শিশুটি মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল। সিএনজি চালককেও প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকায় পাঠানোর পরামর্শ দেয়া হয়েছে।

কালীগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. আসাদুজ্জামান বলেন, এই ঘটনায় আরো দুইজন চিকিৎসাধীন আছেন। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।