‘ঢাকার চারপাশের নদ-নদীগুলোকে দূষণমুক্ত করার পাশাপাশি নগরীর খালগুলোকে পুনরুদ্ধার ও সৌন্দর্যবর্ধনে কাজ করছে সরকার। আমরা একদিনেই দেশকে সিঙ্গাপুর বা অস্ট্রেলিয়া বানিয়ে দেয়ার মিথ্যা প্রতিশ্রুতি দিতে চাই না। বাস্তবতাকে সামনে রেখে ধাপে ধাপে একটি পরিচ্ছন্ন, সুন্দর, নিরাপদ ও বাসযোগ্য ঢাকা গড়ে তুলতে চাই। তবে নদী-খাল রক্ষা ও পরিবেশ পরিচ্ছন্ন রাখা সরকারের একার পক্ষে সম্ভব নয়। ঢাকাবাসীসহ সংশ্লিষ্ট সব পক্ষকে এতে দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে।’
গতকাল ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ৭৪ ও ৭৫ নম্বর ওয়ার্ডের আওতাধীন নন্দীপাড়া এলাকার জিরানী খাল পরিদর্শনকালে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম এসব কথা বলেন। সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় নীতিগত, কারিগরি ও সর্বাত্মক প্রশাসনিক সহযোগিতার আশ্বাস দেন মীর শাহে আলম। পরিদর্শনকালে তার সঙ্গে উপস্থিত ছিলেন রেলপথ মন্ত্রণালয় এবং সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব, ডিএসসিসি প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম প্রমুখ।
পরিদর্শন শেষে মীর শাহে আলম সাংবাদিকদের জানান, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ২৬টি ও উত্তর সিটি করপোরেশনের ২৯টি খালের দুই পাড়ে প্রয়োজন অনুযায়ী রিটেইনিং ওয়াল ও ওয়াকওয়ে নির্মাণ করা হবে। এতে পরিবেশের সৌন্দর্য বৃদ্ধির পাশাপাশি অবৈধ দখল রোধ হবে এবং নগরবাসীর জন্য উন্মুক্ত বিনোদন ও চলাচলের সুযোগ তৈরি হবে। একই সঙ্গে ঢাকা মহানগরীর পয়োবর্জ্য সুয়ারেজ ট্রিটমেন্ট প্লান্টের মাধ্যমে শোধন করে নদীতে ফেলার উদ্যোগ নেয়া হয়েছে, যার জন্য গঠিত কমিটি এরই মধ্যে মাঠে কাজ শুরু করেছে।
প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ বলেন, ‘ঢাকার জলাবদ্ধতা নিরসনের মাধ্যমে একটি পরিষ্কার-পরিচ্ছন্ন, সুন্দর ও বাসযোগ্য নগরী গড়ে তুলতে হবে।’ এ লক্ষ্যে তিনি সাংবাদিকদেরও এলাকার সমস্যা ও নাগরিক দুর্ভোগগুলো যথাযথভাবে তুলে ধরে জনসচেতনতা সৃষ্টি এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণে দায়িত্বশীল ও ইতিবাচক ভূমিকা পালনের আহ্বান জানান।
দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম বলেন, ‘তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার জনগণের কল্যাণ ও উন্নয়ন সাধনে প্রতিজ্ঞাবদ্ধ। এ সরকার শুধু কথায় নয়, কাজে বিশ্বাসী। জনগণের কল্যাণে নেয়া প্রতিটি উদ্যোগ বাস্তবায়নের মাধ্যমে তার সুফল মানুষের দোরগোড়ায় পৌঁছে দেয়াই আমাদের লক্ষ্য।’
প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এবিএম আব্দুস সাত্তার এলাকাবাসীর সর্বাত্মক সহযোগিতা কামনা করে বলেন, ‘প্রধানমন্ত্রী তারেক রহমানের স্বপ্ন একটি সুন্দর, পরিচ্ছন্ন ও বাসযোগ্য ঢাকা নগরী গড়ে তোলা। এ স্বপ্ন বাস্তবায়নে সরকারের উদ্যোগের পাশাপাশি এলাকাবাসীর সচেতনতা ও সক্রিয় অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ।’
অনুষ্ঠানে অন্যদের মধ্যে স্থানীয় সরকার বিভাগের সচিব মো. শহীদুল হাসান, পানিসম্পদ মন্ত্রণালয়ের সচিব ড. একেএম শাহাবুদ্দিনসহ মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বিএনপির স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।










