কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ খাতে সহযোগিতা সম্প্রসারণে গুরুত্বারোপ করেছে বাংলাদেশ ও মালয়েশিয়া। আজ মঙ্গলবার সচিবালয়ে কৃষি এবং মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদের সঙ্গে বাংলাদেশে মালয়েশিয়ার হাইকমিশনার মোহদ শুহাদা ওসমানের সৌজন্য সাক্ষাতে এ বিষয়ে আলোচনা হয়।
বৈঠকে হালাল মাংস রফতানির সম্ভাবনা, প্রাণিজ পণ্যের আন্তর্জাতিক মান নিশ্চিতকরণ, প্রযুক্তি ও জ্ঞান বিনিময়, গবেষণা সহযোগিতা, দক্ষ জনবল উন্নয়ন, বিনিয়োগ বৃদ্ধি এবং কৃষি ও প্রাণিসম্পদভিত্তিক বাণিজ্য সম্প্রসারণের বিষয় গুরুত্ব পায়।
আলোচনায় বাংলাদেশের ব্ল্যাক বেঙ্গল ছাগল মালয়েশিয়ায় রফতানির সম্ভাবনা বিশেষভাবে উঠে আসে। এ ক্ষেত্রে প্রাণিস্বাস্থ্য সনদ, হালাল সার্টিফিকেশন, কোয়ারেন্টাইন ব্যবস্থা, স্যানিটারি ও ফাইটোস্যানিটারি (এসপিএস) মানদণ্ড এবং বাজার সম্প্রসারণে দুদেশের সংশ্লিষ্ট সংস্থার মধ্যে সহযোগিতা জোরদারের বিষয়ে মতবিনিময় হয়। পাশাপাশি মাছ, মাংস, দুধসহ অন্যান্য প্রাণিজ পণ্যের রফতানি নিয়েও আলোচনা হয়।
মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী বলেন, বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে বিদ্যমান চমৎকার দ্বিপক্ষীয় সম্পর্ককে কাজে লাগিয়ে মৎস্য, প্রাণিসম্পদ ও কৃষি খাতে যৌথ উদ্যোগ, প্রযুক্তি হস্তান্তর, বিনিয়োগ ও বাণিজ্য সম্প্রসারণের ব্যাপক সুযোগ রয়েছে। তিনি হালাল মাংসের আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের সক্ষমতা বাড়াতে মালয়েশিয়ার অভিজ্ঞতা ও কারিগরি সহযোগিতা কামনা করেন।
মালয়েশিয়ার হাইকমিশনার মোহদ শুহাদা ওসমান বাংলাদেশের কৃষি ও প্রাণিসম্পদ খাতের উল্লেখযোগ্য অগ্রগতির প্রশংসা করেন। তিনি ব্ল্যাক বেঙ্গল ছাগলসহ সম্ভাবনাময় প্রাণিজ পণ্য এবং কৃষিপণ্যের বাণিজ্য সম্প্রসারণে মালয়েশিয়ার আগ্রহের কথা জানান। পাশাপাশি দুদেশের সরকারি ও বেসরকারি খাতের মধ্যে যোগাযোগ ও সহযোগিতা আরো জোরদারের ওপর গুরুত্বারোপ করেন।
সাক্ষাৎকালে মালয়েশিয়া হাইকমিশনের ফার্স্ট সেক্রেটারি হাজওয়ান হাসনল উপস্থিত ছিলেন।










