মুন্সিগঞ্জের
পশ্চিম মুক্তারপুরে সরকারি জমি ও রাস্তা অবৈধভাবে
দখল করে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ শুরু করেছেন ভ্রাম্যমাণ আদালত। এতে বাধা কাটিয়ে গতি ফিরতে শুরু করেছে পঞ্চবটি-মুক্তারপুর সড়ক প্রশস্তকরণ প্রকল্পে।
গতকাল সকাল ১০টায় শুরু হওয়া উচ্ছেদ অভিযান চলে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত। তিন দিনব্যাপী এ অভিযানের প্রথম দিনে গুঁড়িয়ে দেয়া হয় প্রায় বেশ কয়েকটি বহুতল ভবনসহ বিভিন্ন স্থাপনা। প্রথম দিনে প্রায় ৩৫ কোটি টাকা মূল্যের সরকারি জমি উদ্ধার করা সম্ভব হয়েছে বলে জানিয়েছেন অভিযানের নেতৃত্বে থাকা নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজমূল হুদা।
তিনি বলেন, ‘আরো দুদিন চলবে এ অভিযান। প্রায় ২ হাজার ২৪২ কোটি ৭৭ লাখ ৪৫ হাজার টাকা ব্যয়ে চলমান মুক্তারপুর-পঞ্চবটি সড়ক প্রশস্তকরণ প্রকল্পের কার্যক্রম বাধাগ্রস্ত হচ্ছিল এসব অবৈধ স্থাপনার কারণে। এর আগে লিখিত নোটিস পাঠানো হলেও নিজ উদ্যোগে এসব অবৈধ স্থাপনা সরিয়ে না নেয়ায়, সর্বোচ্চ আদালতের আদেশে অভিযান পরিচালনা করা হচ্ছে।’
নাজমূল হুদা বলেন, ‘প্লাস্টিক কনসার্ন প্রাইভেট লিমিটেড এবং পিডি লাইট স্পেশালিটি কেমিক্যালস লিমিটেড নামে দুটি প্রতিষ্ঠান সরকারি জমি দীর্ঘদিন ধরে দখলে রেখে গড়ে তুলেছে একাধিক স্থাপনা। গতকাল ১০টির বেশি স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। এসব স্থাপনা উচ্ছেদ শেষে পুরোদমে গতি ফিরবে উন্নয়ন প্রকল্পে।’ উচ্ছেদ অভিযানে আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের সহকারী প্রকৌশলী মো. আসাদুজ্জামানসহ পুলিশ ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।










