বরিশাল পটুয়াখালী মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছে বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) শিক্ষার্থীরা। বৃহস্পতিবার (১৮ জুলাই) বেলা ১২ টার দিকে পুলিশ শিক্ষার্থীদের কর্মসূচিতে বাধা দিলে দফায় দফায় সংঘর্ষ হয়। এক পর্যায়ে পুলিশ পিছু হটে। এদিকে পুলিশের একটি ইউনিটকে ঘিরে ফেলেছে ববির আন্দোলনরত শিক্ষার্থীরা। 

কমপ্লিট শাটডাউনের অংশ হিসেবে সরকারি চাকরিতে কোটা পদ্ধতি সংস্কারের দাবিতে বৃহস্পতিবার সকাল ১০ টায় মহাসড়কে অবস্থান নেয় ববির শিক্ষার্থীরা। 

এদিকে সকাল থেকেই ববি এলাকায় অবস্থান নেয় পুলিশ, র‌্যাব, বিজিবির সদস্যরা। প্রশাসনের কঠোর অবস্থানের মধ্যেও শিক্ষার্থীরা বিক্ষোভ কর্মসূচি পালন করছে। 

বিশ্ববিদ্যালয়ের দুই ছাত্র হল থেকে প্রায় পাঁচ শতাধিক শিক্ষার্থী মিছিল নিয়ে আন্দোলনস্থলে যোগ দেয় এবং প্রশাসনের বিরুদ্ধে স্লোগান দিতে থাকে৷। এ সময় তাদের হাতে ছিল কোটা বিরোধী নানা প্লাকার্ড ও ব্যানার । 

এ ব্যাপারে বৈষম্যমূলক কোটা বিরোধী আন্দোলন সমন্বয় কমিটির সদস্য সুজয় শুভ জানান, আমাদের ভাইদের ওপর হামলা হয়েছে।আমরা শান্তিপূর্ণভাবে আন্দোলন করছি। ভাইদের যে রক্তাক্ত করা হয়েছে, তার প্রতিবাদে ববি শিক্ষার্থীরা রাস্তায় নেমেছে। কিন্তু আমাদের কর্মসূচিতে পুলিশ বাধা দিলে উত্তেজনার সৃষ্টি হয়। পুলিশ এক পর্যায়ে লাঠি চার্জ ও টিয়ার সেল নিক্ষেপ করে ছত্র ভঙ্গ করার চেষ্টা করলে সংঘর্ষ বাধে। আমরা শত বাধা উপেক্ষা করে হলেও দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা মাঠে থাকব। যতদিন পর্যন্ত সরকার আমাদের দাবি মেনে না নেবে, ততদিন পর্যন্ত আন্দোলন চলবে। প্রশাসনের রক্তচক্ষুকে উপেক্ষা করেই এখনও মাঠে আছি। 

এ ব্যাপারে বরিশাল মেট্রোপলিটন পুলিশের বন্দর থানার ওসি আব্দুর রহমান মুকুল বলেন, মহাসড়ক অবরোধ করলে দক্ষিণাঞ্চলের সাথে সারা দেশের সড়ক যোগাযোগ বন্ধ হয়ে যায়। ফলে হাজার হাজার মানুষ ভোগান্তির শিকার হন। আমরা জনসাধারণের ভোগান্তি লাঘবে কাজ করছি।