ইতিহাস গড়লেন নোভাক জোকোভিচ। গতকাল সন্ধ্যায় ফ্রেঞ্চ ওপেনের ফাইনালে নরওয়ের ক্যাসপার রুডকে ৭-৬ (৭/১), ৬-৩, ৭-৫ গেমে হারিয়ে প্রথম পুরুষ খেলোয়াড় হিসেবে ২৩তম গ্র্যান্ড স্লাম শিরোপা জিতলেন তিনি। পেছনে ফেললেন স্প্যানিশ গ্রেট রাফায়েল নাদালকে। বর্তমানে ২২টি গ্র্যান্ড স্লাম শিরোপা নিয়ে নাদাল দুইয়ে ও রজার ফেদেরার ২০টি গ্র্যান্ড স্লাম শিরোপা নিয়ে তিনে অবস্থান করছেন। 

২৪ বছর বয়সী রুড গত বছর ইউএস ওপেন ও ফ্রেঞ্চ ওপেনের ফাইনালে উঠলেও দুটিতেই হেরেছেন। ফ্রেঞ্চ ওপেনে হেরেছেন ক্লে কোর্টের রাজা নাদালের কাছে, আর ইউএস ওপেনে হেরেছেন নাদালের দেশেরই বিস্ময় খেলোয়াড় কার্লোস আলকারাজের কাছে। কাল জোকোভিচকে থামিয়ে প্রথমবার গ্র্যান্ড স্লাম শিরোপা ছোঁয়ার স্বপ্ন দেখছিলেন। যদিও এবারো স্বপ্নভঙ্গ হলো তার।

প্রথম সেটে দুর্দান্ত লড়াই করেন রুড। ৩-০ গেমে এগিয়েও যান। এরপর ধীরে ধীরে স্বরূপে ফেরেন ৩৬ বছর বয়সী জোকোভিচ। অভিজ্ঞতা গড়ে দেয় ব্যবধান। পরের সেটটা সহজে জেতেন। ২-০ সেটে এগিয়ে যাওয়ার পর আত্মবিশ্বাসী জোকোভিচ তৃতীয় সেটে খানিকটা পরীক্ষার মুখে পড়লেও শেষ হাসিটা তিনিই হেসেছেন। 

ইতিহাসের প্রথম খেলোয়াড় হিসেবে প্রতিটি গ্র্যান্ড স্লামেই অন্তত তিনটি করে শিরোপা জিতলেন জোকোভিচ। নারী ও পুরুষ একক মিলিয়ে শিরোপায় তিনি ছুঁয়ে ফেললেন সেরেনা উইলিয়ামসকে। ২৪টি শিরোপা নিয়ে তার সামনে শুধু অস্ট্রেলিয়ান গ্রেট মার্গারেট কোর্ট।