ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়ার দুটি আসনে বিএনপির শীর্ষ দুই নেতার পক্ষে মনোনয়নপত্র জমা দেয়া হয়েছে। সোমবার (২৯ ডিসেম্বর) দুপুরে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা তৌফিকুর রহমানের কাছে এসব মনোনয়নপত্র দাখিল করা হয়।

বগুড়া-৭ আসনে বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়ার পক্ষে মনোনয়নপত্র জমা দেন দলের কেন্দ্রীয় নেতা ও সাবেক সংসদ সদস্য হেলালুজ্জামান তালুকদার লালু। বগুড়া-৬ আসনে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে মনোনয়নপত্র জমা দেন জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশাসহ দলের নেতারা।

এ সময় জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন, সাবেক সাধারণ সম্পাদক আলী আজগর তালুকদার হেনা, সাবেক সভাপতি ভিপি সাইফুল ইসলামসহ দল ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

মনোনয়নপত্র দাখিলের পর জেলা বিএনপির সভাপতি জানান, খালেদা জিয়া বগুড়া-৭ এবং তারেক রহমান বগুড়া-৬ আসনে বিএনপির প্রার্থী হয়েছেন। তারেক রহমান বগুড়া-৬ আসনের পাশাপাশি ঢাকা-১৭ আসন থেকেও নির্বাচন করছেন। দীর্ঘ সময় পর তার নির্বাচনে সরাসরি অংশগ্রহণে নেতাকর্মীদের মধ্যে আগ্রহ তৈরি হয়েছে বলে জানান তিনি।

এদিকে বগুড়া-৬ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী আবিদুর রহমান সোহেল এবং বগুড়া-৭ আসনে দলটির প্রার্থী গোলাম রব্বানী মনোনয়নপত্র জমা দিয়েছেন।

জানা যায়, বগুড়া-৬ আসনে মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৪৯ হাজার। এ আসনে অতীতে বিএনপির শক্ত অবস্থান ছিল। এবার এ আসনে প্রথমবারের মতো নির্বাচন করছেন তারেক রহমান।

বগুড়া জেলা বিএনপি সূত্রে জানা গেছে, বগুড়া-৭ আসনে খালেদা জিয়ার পাশাপাশি উপজেলা বিএনপির সভাপতি মোরশেদ আলমও সহায়ক প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন।