মুন্সিগঞ্জের গজারিয়ার গোমতী নদীতীরে অবৈধ স্থাপনা উচ্ছেদে বিআইডব্লিউটিএর অভিযানে অভিযানে হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় পুলিশসহ অন্তত ১০ জন আহত হয়েছেন। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে ১৩ রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে পুলিশ। রোববার (২১ জানুয়ারি) দুপুর দেড়টার দিকে উপজেলার চরচাষি এলাকায় প্যাসিফিক ডেনিমস লিমিটেডের অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান চালানোর সময় এ ঘটনা ঘটে।

আহতরা হলেন পুলিশ কনস্টেবল আনোয়ার (২৯), আনসার সদস্য আনোয়ার হোসেন (৫৩), বিআইডব্লিউটিএ'র ট্রাফিক সুপারভাইজার শহিদুল ইসলাম (৩৫), বিআইডব্লিউটিএ'র কর্মচারী মুন্সী আব্দুল্লাহ (৩৬) ও প্যাসিফিক গ্রুপের শ্রমিক শ্রমিক ইসমাইল হোসেনসহ (২০) আরো কয়েকজন।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানায়, আজ সকাল ৯টা থেকে বিআইডব্লিউটিএ ও আইন-শৃঙ্খলা বাহিনী যৌথভাবে উচ্ছেদ অভিযান শুরু করে। অভিযানে শক্তিশালী হেমার দিয়ে নদীর তীর দখল করে গড়ে ওঠা বিভিন্ন স্থাপনা ভাঙা হচ্ছিল। দুপুর ১ টার দিকে ওই এলাকার প্যাসিফিক শিল্পকারখানায় অভিযান চালাতে গেলে কারখানা মালিক ও শ্রমিকদের তোপের মুখে পড়েন নির্বাহী ম্যাজিস্ট্রেসহ আইন-শৃঙ্খলা বাহিনী। একপর্যায়ে শ্রমিকরা লাঠি নিয়ে হামলা চালালে ঘটনাস্থলেই গুরুতর আহত হয় বিআইডব্লিউটিএ কর্মকর্তা ও পুলিশ সদস্যসহ অন্তত সাতজন। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ১৩ রাউন্ড গুলি চালায় পুলিশ।

রোববার সকাল থেকে শুরু হওয়া এ অভিযানে মেঘনা গোমতি নদী সংলগ্ন ফকির গ্রুপের অবৈধভাবে দখল করে রাখা জমির প্রায় ৩ হাজার মিটার বাউন্ডারি ওয়াল (দেয়াল) ও বসুরচর ফেরিঘাট এলাকায় পাঁচটি দোকান, ঘরসহ প্যাসিফিক ড্যানিমের দখল কৃত প্রায় ৩০ বিঘা জমি অবৈধ দখলমুক্ত করে বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষ।

বিআইডব্লিউটিএর মেঘনা জোনের উপ-পরিচালক শরীফুল ইসলাম জানান, উচ্ছেদ অভিযানের একপর্যায়ে প্যাসিফিক শিল্প কারখানায় অভিযান শুরু করলে ওই প্রতিষ্ঠানের একটি বয়লার ফেটে বিকট শব্দ হয়। এর পরেই শিল্প কারখানার শ্রমিকরা লাঠি ও ইট পাটকেল হাতে নিয়ে অতর্কিত হামলা চালায় আইনশৃঙ্খলা সদস্যেদের ওপর। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ১৩ রাউন্ড ফাঁকা গুলি করে। এ সময় শ্রমিকদের হামলায় গুরুতর আহত হয় বিআইডব্লিউটিএ মেডিকেল অ্যাটেন্ডরস মুন্সী আবদুল্লাহ, ট্রাফিক সুপার ভাইজার, শহিদুল ইসলাম ও স্পিডবোর্ড চালক মো. সাইদুল ইসলাম, আনসার সদস্য আনোযার হোসেন সহ ৩ পুলিশ সদস্য।

তিনি বলেন, আমরা সকল কাগজ পত্র যাচাই বাচাই করে সকল আইনগত প্রক্রিয়া সম্পূর্ণ করে অভিযান পরিচালনা করছি। আমাদের সরকারি জমি ও নদী দখলমুক্ত করতে এ অভিযান অব্যাহত থাকবে।

বিআইডব্লিউটিএর নির্বাহী ম্যাজিস্ট্রে হাসান মারুফ জানান, মহামান্য হাইকোর্টের নির্দেশনায় বিআইডব্লিউটিএ নদীর তীরবর্তী এলাকা রক্ষায় প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে বিআইডব্লিউটিএ। এরই ধারাবাহিকতায় গজারিয়া উপজেলায় বাউশিয়া মৌজায় যৌথ জরিপে যেখান পর্যন্ত নদীর সীমানা নির্ধারণ করা আছে। সেই  পর্যন্ত অভিযান পরিচালনা করা হচ্ছে। এখানে যারাই দখলদার থাকুক না কেন, কাউকেই কোনো ছাড় দেয়া হবে না।

তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি জানিয়ে গজারিয়া থানার অফিসার ইনচার্জ ওসি রাজীব খাঁন বলেন, প্যাসিফিক শিল্প কারখানা এলাকায় উচ্ছেদ অভিযান চালালে শ্রমিকরা ক্ষুব্ধ হয়ে প্রশাসনের লোকজনের ওপর হামলা চালায়। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নির্দেশে ১৩ রাউন্ড গুলি ব্যবহার করা হয়।

এর আগে মেঘনা-গোমতী নদীর তীরে অবৈধভাবে গড়ে তোলা ফকির নিটওয়্যার লিমিটেডের প্রায় তিন হাজার ফুট পাকা সীমানা শক্তিশালী হ্যামার দিয়ে ভেঙে গুঁড়িয়ে দেয়া হয়েছে। এছাড়াও নদী তীরের নানা স্থাপনা ভেঙ্গে দেয়া হয়। অবৈধ এসব স্থাপনা উচ্ছেদে খুশি স্থানীয়রা। তবে এসব স্থাপনার মালিক পক্ষের দাবি ক্রয়কৃত জমি ভরাট করেই তারা নদী তীর দখলে নিয়েছেন। কিন্তু বিআইডব্লিউটিএ-নদী রক্ষায় বিধিমোতাবেকই অভিযান পরিচালনা করেছে।