দেশের ও বাইরের ব্যাংকগুলো থেকে ঢালাও ঋণ গ্রহণের ফলে ঋণ ফাঁদ সৃষ্টি হচ্ছে বলে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সভায় সদস্যরা মন্তব্য করেছেন। এ ধরনের ঋণ ফাঁদের ফলে জনগণের ওপর বাড়তি চাপ সৃষ্টি হচ্ছে।

মঙ্গলবার (৯ জুলাই) বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিএনপি জানায়, গতকাল সোমবার (৮ জুলাই) রাত সাড়ে ৮টায় দলের জাতীয় স্থায়ী কমিটির ভাচুর্য়াল সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। উপস্থিত ছিলেন জাতীয় স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, বাবু গয়েশ্বর চন্দ্র রায়, ড. আব্দুল মঈন খান, নজরুল ইসলাম খান, মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আমির খসরু মাহমুদ চৌধুরী, সালাহ উদ্দিন আহমেদ, বেগম সেলিমা রহমান ও ইকবাল হাসান মাহমুদ টুকু।

বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সভায় বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে ঢাকাসহ সারা দেশের মহানগর ও জেলায় অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশগুলো সফল করায় সন্তোষ প্রকাশ করা হয়। খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে পরবর্তী কর্মসূচি সংশ্লিষ্ট নেতাদের সঙ্গে আলোচনা করে নির্ধারণ করা হবে।

সভায় বলা হয়, নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদির অস্বাভাবিক মূল্য বৃদ্ধি ও মূল্যস্ফীতির ঊর্ধ্বগতি, নজিরবিহীন দুর্নীতি, দেশের ও বাইরের ব্যাংকগুলো থেকে ঢালাও ঋণ গ্রহণের ফলে ঋণ ফাঁদ সৃষ্টি হচ্ছে এবং জনগণের ওপর বাড়তি চাপ সৃষ্টি হচ্ছে। এ বিষয়গুলো নিয়ে বিস্তারিত তথ্য সমৃদ্ধ প্রতিবেদন তৈরি করে জনগণের সামনে নিয়ে আসার জন্য লিফলেট বিতরণ, সমাবেশ, মিছিল ইত্যাদির মাধ্যমে জনসচেতনতা বৃদ্ধির সিদ্ধান্ত গৃহীত হয়।

সভায় সম্প্রতি ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী কতৃর্ক লালমনিরহাট ও ঠাকুরগাঁও সীমান্তে দুই বাংলাদেশীকে গুলি করে হত্যার তীব্র নিন্দা জানানো হয়। সভায় সীমান্ত হত্যা বন্ধের জন্য সরকারি কোনো উদ্যোগ না থাকায় তীব্র অসন্তোষ প্রকাশ করা হয়। সভা মনে করে এ অবৈধ সরকার সীমান্ত হত্যা বন্ধ করতে ভারতের ওপর প্রয়োজনীয় চাপ সৃষ্টি করতে ব্যর্থ হওয়ায় এই ধরনের হত্যাকাণ্ড ঘটছে। সভায় অবিলম্বে সীমান্তে হত্যা বন্ধের জন্য কার্যকরী ব্যবস্থা গ্রহণের আহ্বান জানানো হয়।