মাগুরার মহম্মদপুর উপজেলার বড়রিয়া গোপালপুর গ্রামে মাদ্রাসার জমি দখল করে নির্মাণ করা ইটভাটা বন্ধের দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী। গতকাল দুপুরে বড়রিয়া গোপালপুর গরীব হোসেন বারীমিয়া স্বতন্ত্র এবতেদায়ি মাদ্রাসার সামনের সড়কে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে মাদ্রাসার সভাপতি ড. মো. শাহীন আজাদের সভাপতিত্বে বক্তব্য রাখেন প্রধান শিক্ষক নজরুল ইসলাম, সহকারী শিক্ষক মনিরুজ্জামান, মাদ্রাসা প্রতিষ্ঠাতার সন্তান চৌধুরী ফারুকুল ইসলাম ও অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক গোলাম হোসেন।
মানববন্ধনে বক্তারা বলেন, ‘৪০ বছর আগে প্রতিষ্ঠিত এ মাদ্রাসাটির মাঠ ঈদের নামাজের পাশাপাশি জানাজার জন্য গ্রামবাসী ব্যবহার করে। ১৫ বছর আগে মাদ্রাসার পাশে একটি ইটভাটা গড়ে ওঠে। দিন দিন ইটভাটার বিভিন্ন সরঞ্জাম মাদ্রাসার খোলা জায়গায় রেখে শিক্ষা ব্যবস্থা বন্ধের উপক্রম করেছেন সংশ্লিষ্টরা। ইটভাটার কারণে মাদ্রাসার শিক্ষার্থী সংখ্যাও কমে গেছে। এরই মধ্যে মাদ্রাসার ১৫ শতাংশ জমিও ইটভাটার নামে রেকর্ড করে নিয়েছেন ভাটার মালিক মেজবাউর রহমান মেজবা। এখন তিনি মাদ্রাসাটি তার জায়গায় দাবি করে করছেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও জেলা প্রশাসকে কার্যালয়ে ইটভাটা অন্যত্র সরিয়ে নেয়ার আবেদন করায় মেজবা মাদ্রাসাটি বন্ধ করে দেয়ার হুমকি দিচ্ছেন।
ইটভাটার মালিক বলেন, ‘যেহেতু মাদ্রাসার ক্ষতি হচ্ছে আমি ইটভাটা অপসারণ করব। তবে আমি যে জায়গা ভোগদখলে আছি তা আমার বাবার ১৯৮১ সালে ক্রয়কৃত সম্পত্তি। সেই জমি এবং আরো কিছু জমি নিয়ে আমি ইটভাটা গড়ে তুলি। কিন্তু মাদ্রাসা কর্তৃপক্ষ আমাকে উচ্ছেদের জন্য বিভিন্নভাবে হয়রানি করছে।’










