নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার বজরা ইউনিয়নে যাত্রীবাহী সিএনজি ও পিকআপভ্যানের মধ্যে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে চারজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো দুইজন।
আজ রোববার সন্ধ্যা ৭টার দিকে বেগমগঞ্জ-সোনাইমুড়ী সড়কের আপানিয়া এলাকার ম্যাক্স গার্মেন্টসের সামনে এ দুর্ঘটনা ঘটে। এ প্রতিবেদন লেখা পর্যন্ত নিহত ও আহতদের নাম পরিচয় জানা যায়নি।
স্থানীয় সূত্রে জানা গেছে, সন্ধ্যা ৭টার দিকে সিএনজিটি আপানিয়া এলাকার ম্যাক্স গার্মেন্টসের সামনে পৌঁছলে বিপরীত দিক থেকে ছেড়ে আসা একটি পিকআপভ্যানের (নোয়াখালী-ন ১১-০৯৩৪) সঙ্গে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে সিএনজিটি দুমড়ে-মুচড়ে গিয়ে ঘটনাস্থলে সিএনজিতে থাকা তিনজনের মৃত্যু হয়। পরে হাপাতালে মারা যায় একজন। এ ঘটনায় আহত হয়েছেন আরো দুইজন। আহত দুইজনকে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
চন্দ্রগঞ্জ হাইওয়ে পুলিশের উপ-পরিদর্শক (এসআই) সাইফুল ইসলাম জানান, ঘটনাস্থল থেকে গাড়ি দুটি আটক করা হয়েছে। আহতদের উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন অর রশিদ বিষয়টি নিশ্চিত করে বলেন, সিএনজি ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। ঘটনায় হাইওয়ে পুলিশের পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।










