গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি বলেছেন, ‘যে পরিকল্পনায় অগ্রগতি নেই সে পরিকল্পনা মূল্যহীন। আমরা শুধু পরিকল্পনার কথা বলি, কিন্তু বাস্তবে হাজারীবাগের ট্যানারিগুলো অন্যত্র সরিয়ে নেয়ার যে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছিল এখন পর্যন্ত তা পুরোপুরি বাস্তবায়ন সম্ভব হয়নি। দ্রুততম সময়ের মধ্যে গৃহীত পরিকল্পনা বাস্তবায়নের কাজ শুরু করতে হবে। আমি চাই, আগামীকাল থেকেই আপনারা পরিকল্পনা বাস্তবায়নে কাজ শুরু করবেন। এ বছরের শেষেই যেন কাজের অগ্রগতি দৃশ্যমান হয় আপনারা সেভাবে কাজ করবেন।’

গতকাল রাজধানীর মতিঝিলে রাজউক ভবনের অডিটোরিয়ামে সিটি ক্লাইমেট ফাইন্যান্স গ্যাপ ফান্ডের সহায়তায় রাজউক (রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ) ও জার্মান সংস্থা জিআইজেড প্রস্তুতকৃত ‘হাজারীবাগ ও লালবাগের জন্য জলবায়ুসহিষ্ণু সবুজ কর্মপরিকল্পনা’ শীর্ষক এক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

গৃহায়নমন্ত্রী বলেন, ‘ক্লাইমেটের রেজিলিয়েন্সের জন্য ওয়ার্কশপ ও প্ল্যানিংয়ের প্রয়োজন আছে। কিন্তু আমাদের দ্বারা যেন ক্লাইমেট নষ্ট না হয়। যখন বাড়ি বানাব তখন যতটুকু ছেড়ে দেয়া দরকার ততটুকু যেন ছেড়ে দিই। বাস্তবে দেখা যায়, আমাদের পাশের যে বাড়ি আছে পারলে আমরা সেটিও দখল করার চেষ্টা করি। এসব থেকে আমাদের বিরত থাকতে হবে। রাজউককে বলব, আমরা সবাই মিলে এ কাজটি শুরু করে দিতে চাই। ২০২৪ সালের ছয় মাস চলে গেছে। সময় চলে যাওয়ার আগেই এ কর্মপরিকল্পনা শেষ করতে না পারলেও অন্তত যেন শুরু করতে পারি।’

কর্মশালায় উদ্বোধনী বক্তব্যে রাজউকের প্রধান নগর পরিকল্পনাবিদ মো. আশরাফুল ইসলাম বলেন, ‘আমাদের এ প্রকল্প গ্রহণ করা হয় শুধু পুরান ঢাকার জন্য। ৪০০ বছরের এ শহরে নগরায়ণের ফলে পুরান ঢাকায় ড্রেনেজ ব্যবস্থা থেকে আবাসন ব্যবস্থায় নানা ধরনের ঘাটতি আছে। যার কারণে এখানে প্রতিনিয়ত নানা দুর্ঘটনা ঘটে। পুরান ঢাকাকে কীভাবে আরো উন্নত করা যায় সে লক্ষ্যে আমরা লালবাগ ও হাজারীবাগ এলাকাকে উন্নত করার পরিকল্পনা করেছি।’

কর্মশালায় হাজারীবাগ ও লালবাগের জলবায়ুসহিষ্ণু সবুজ কর্মপরিকল্পনা উপস্থাপন করেন নগর পরিকল্পনাবিদ মোহাম্মদ ফজলে রেজা সুমন। কর্মশালাটির সভাপতিত্ব করেন রাজউক চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) মো ছিদ্দিকুর রহমান সরকার।

উপস্থিত ছিলেন জিআইজেডের কান্ট্রি ডিরেক্টর মার্টিনা বারকার্ড, স্থাপত্য অধিদপ্তরের প্রধান স্থপতি মীর মঞ্জুরুর রহমান, রাজউক প্রধান নগর পরিকল্পনাবিদ মো. আশরাফুল ইসলাম, বাংলাদেশ ইনস্টিটিউট অব প্ল্যানার্সের (বিআইপি) সাবেক সভাপতি ও নগর পরিকল্পনাবিদ মোহাম্মদ ফজলে রেজা সুমন প্রমুখ।