জনশৃঙ্খলা রক্ষায় সরাসরি লাঠি দিয়ে আঘাত না করে বুদ্ধিদীপ্ত পুলিশিং কৌশল প্রয়োগের স্বীকৃতি হিসেবে রাষ্ট্রপতির পুলিশ পদক (পিপিএম-সেবা) পাচ্ছেন সোশ্যাল মিডিয়ায় বহুল আলোচিত কনস্টেবল মো. রিয়াদ হোসেন।

রাষ্ট্রপতির আদেশক্রমে গত ২৭ মার্চ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের এক প্রজ্ঞাপনে সিনিয়র সহকারী সচিব তৌছিফ আহমেদ স্বাক্ষর করেন। যা গতকাল রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, ২০২৫ সালে নাগরিকদের প্রতি সম্মান প্রদর্শনের মধ্য দিয়ে জনশৃঙ্খলা রক্ষায় অভিনব বুদ্ধিদীপ্ত পুলিশিং কৌশলের স্বীকৃতি হিসেবে পুলিশ সদস্য মো. রিয়াদ হোসেনকে ‘রাষ্ট্রপতির পুলিশ পদক (পিপিএম-সেবা)’ প্রদান করা হলো। প্রজ্ঞাপন জারির তারিখ থেকে এ আদেশ কার্যকর হবে।

উল্লেখ্য, আন্দোলনকারীদের সরাসরি লাঠি দিয়ে আঘাত না করে দায়িত্ব পালনের একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। অনেকেই ভিডিওটি শেয়ার করে পুলিশ সদস্যের কাজের প্রশংসা করেন। ওই পুলিশ সদস্য কনস্টেবল মো. রিয়াদ হোসেন ঢাকা মেট্রোপলিটন পুলিশে কর্মরত। জনশৃঙ্খলা রক্ষায় বুদ্ধিদীপ্ত পুলিশিং কৌশল প্রয়োগের স্বীকৃতি হিসেবে তাকে এ পদক দেয়া হচ্ছে।