বিএনপির ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান রিপন বলেছেন, ‘সংস্কারের নামে নির্বাচন বিলম্বিত করার সুযোগ নেই। দেশী-বিদেশী ষড়যন্ত্র চলছে। অনির্বাচিত সরকার এ দেশে মাথা গোঁজার চেষ্টা করছে। বিএনপি সেটা করতে দেবে না।’
গতকাল বেলা ১১টায় ফরিদপুর শহরের অম্বিকা মেমোরিয়াল হলে বিএনপির বিভাগীয় বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আসাদুজ্জামান বলেন, ‘গণপরিষদ নির্বাচনের নামে দেশে কোনোভাবেই জাতীয় নির্বাচনকে বিলম্বিত করা চলবে না, আর এটা আমরা হতেও দেব না।’
তিনি বলেন, ‘কেউ কেউ বলছেন দেশে একটি গণপরিষদ হবে, গণপরিষদ করার দায়িত্ব কে দিয়েছে তাদের? আমরা বলব সংস্কার বা গণপরিষদের নামে কোনো কালক্ষেপণ না করে যত দ্রুত সম্ভব এদেশে একটি সুন্দর ও গ্রহণযোগ্য জাতীয় নির্বাচন দিয়ে ক্ষমতা হস্তান্তর করুন।’
শেখ হাসিনা গত ১৬ বছর ভোট করেননি বলেই বিদায় নিতে হয়েছে। এভাবে পালাতে হয়েছে তাকে। দেশে ফ্যাসিবাদী ব্যবস্থা আর যাতে ফিরে না আসে সেজন্য একটি সুন্দর নির্বাচন দরকার বলে মনে করেন বিএনপির এ ভাইস চেয়ারম্যান।
দলীয় নেতাকর্মীদের উদ্দেশে আসাদুজ্জামান রিপন বলেন, ‘দখল-বাণিজ্য তখনই আসে, যখন দেশে গণতন্ত্র থাকে না। জনগণের আস্থা অর্জন করতে হবে, আগামী নির্বাচন অনেক কঠিন হবে। মানুষের ভালোবাসা না পেলে জয়ী হওয়া সম্ভব নয়। এজন্য দলের ভাবমূর্তি নষ্ট হয়—এমন কাজ করা থেকে সর্বস্তরের নেতাকর্মীদের সতর্ক থাকতে হবে।’
সভায় সভাপতিত্ব করেন বিএনপির সাংগঠনিক সম্পাদক (ফরিদপুর বিভাগ) শামা ওবায়েদ। বিএনপির বিশেষ এ বর্ধিত সভায় বৃহত্তর ফরিদপুরের পাঁচটি জেলার দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।










