পৃথক পাঁচ মামলায় একাত্তর টেলিভিশনের সাবেক বার্তাপ্রধান শাকিল আহমেদ এবং ছয় মামলায় সাবেক প্রধান প্রতিবেদক ও উপস্থাপক ফারজানা রুপা অন্তর্বর্তী জামিন পেয়েছেন।
তাদের করা আবেদনের শুনানি নিয়ে সোমবার বিচারপতি কে এম জাহিদ সরওয়ার ও বিচারপতি শেখ আবু তাহেরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রুলসহ এ জামিন দেন।
আদালতে জামিনের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার জ্যোর্তিময় বড়ুয়া। রাষ্ট্রপক্ষে শুনানি করেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল অনীক আর হক। তবে তাদের দুইজনকে একটি করে মামলায় জামিন না দিয়ে রুল জারি করেছেন আদালত। ফলে সব মামলায় জামিন না হওয়ায় তারা এখনই মুক্তি পাচ্ছেন না বলে জানিয়েছেন আইনজীবীরা।
এর আগে ছয় মামলায় শাকিল আহমেদ ও সাত মামলায় ফারজানা রুপা অধস্তন আদালতে বিফল হয়ে হাইকোর্টে জামিন চেয়ে আলাদাভাবে ১৩টি আবেদন করেন।
মামলার নথিপত্র অনুযায়ী, ২০২৪ সালের ৩১ আগস্ট আদাবর থানায় দায়ের করা পোশাক শ্রমিক রুবেল হত্যা মামলায় ঢাকার একটি আদালত এই দম্পতিকে কারাগারে পাঠান। ওই বছরের ২১ আগস্ট ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাদের গ্রেপ্তার করা হয়। একদিন পর উত্তরা পূর্ব থানায় ফজলুল করিমের মৃত্যুতে দায়ের করা হত্যা মামলায় আদালত তাদের চার দিনের রিমান্ডে পাঠান। ২৬ আগস্ট রুবেল হত্যা মামলায় তাদের আবারো পাঁচ দিনের রিমান্ডে নেয়া হয়।










