দেশের সব বিভাগেই আগামী কয়েকদিন বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণ, বজ্রসহ বৃষ্টির আশঙ্কাও রয়েছে। একই সঙ্গে দমকা বা ঝড়ো হাওয়ার কারণে দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোয় ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। পৃথক দুই পূর্বাভাস থেকে এসব তথ্য জানা গেছে।

আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, আজ সন্ধ্যা ৬টা পর্যন্ত রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং চট্টগ্রাম বিভাগের কিছু কিছু এলাকায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। খুলনা ও বরিশাল বিভাগের দু’এক জায়গায়ও অস্থায়ীভাবে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু এলাকায় মাঝারি থেকে অতি ভারী বর্ষণ হতে পারে।

তাপমাত্রার বিষয়ে বলা হয়েছে, আজ সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘন্টায় রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগে দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে। অন্যদিকে দেশের অন্যান্য অঞ্চলে তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

এদিকে আজ ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য বিশেষ সতর্কতা জারি করা হয়েছে।

রংপুর, দিনাজপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, কুমিল্লা ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এই পরিস্থিতিতে সংশ্লিষ্ট এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।