টাঙ্গাইলের নাগরপুরে ট্রাক ও মোটরসাইকেলের
মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। আজ রোববার (১৪ জানুয়ারি) সকালে উপজেলার মোকনা ইউনিয়নের
কেদারপুরে শেখ হাসিনা সেতুর ওপর এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন উপজেলার শুনশি গ্রামের
ওমর সেতাবের ছেলে শাকিল মিয়া (১৯) ও কলমাইদ গ্রামের আদম আলীর ছেলে মাসুম মিয়া (১৯)।
তারা দুজনই পার্শ্ববর্তী জেলা মানিকগঞ্জের সাটুরিয়ায় সৈয়দ কালু শাহ কলেজের প্রথম
বর্ষের শিক্ষার্থী।
নাগরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা
(ওসি) জসিম উদ্দিন বলেন, ঘন কুয়াশার কারণে কেদারপুর শেখ হাসিনা সেতুর এপার থেকে ওপার
দেখা যাচ্ছিল না। এতে মোটরসাইকেলের চালক ও ট্রাক চালক একে অপরকে দেখতে না পারাই মুখোমুখি
সংঘর্ষের ঘটনা ঘটে। ঘটনাস্থলেই মোটরসাইকেলের দুই আরোহী নিহত হন।
তিনি আরো জানান, মরদেহ উদ্ধার করে থানায়
আনা হয়েছে। এ ঘটনায় ট্রাকটি জব্দ করা হয়েছে। নিহতদের পরিবারের সদস্যরা থানায় এসেছেন।
তাদের চাহিদা অনুযায়ী আইনগত ব্যবস্থা নেয়া হবে।










