সিএনজি ফিলিং স্টেশনে ভাংচুর এবং এক কর্মচারীকে মারধরের প্রতিবাদে নরসিংদী অঞ্চলের ২২টি ফিলিং স্টেশনে সেবা দেয়া বন্ধ রেখেছেন স্টেশন মালিকরা। ঢাকা-সিলেট মহাসড়কের নরসিংদীর বাগহাটায় ‘সোনারগাঁ ফিলিং স্টেশন’ নামে একটি ফিলিং স্টেশনে হামলার পর এ ঘটনা ঘটে।

এ সময় গ্যাস, পেট্রল, ডিজেল, অকটেনসহ সব ধরনের পরিবহনের জ্বালানি বিক্রি বন্ধ রাখা হয়। এতে পণ্য ও যাত্রীবাহী পরিবহনগুলো চরম ভোগান্তিতে পড়েছে।

সোমবার (৩ মার্চ) বিকাল ৫টার পর থেকে এখনো ফিলিং স্টেশনগুলো বন্ধ রয়েছে।

সিএনজি ফিলিং স্টেশন অ্যাসোসিয়েশন নরসিংদী জোন জানিয়েছে, দুপুরের আগে গ্যাসের কম চাপের অভিযোগ এনে একটি ফিলিং স্টেশনে ভাংচুর করে দুর্বৃত্তরা। এ সময় তারা মহাসড়কের আরো কয়েকটি ফিলিং স্টেশনে ভাংচুরের চেষ্টা চালায়। ঘটনার পরই কর্মচারীরা নিরাপত্তাহীনতায় ভুগছেন। ঘটনার সুষ্ঠু বিচারের দাবিতে অনির্দিষ্টকালের জন্য ফিলিং স্টেশন বন্ধ ঘোষণা করা হয়েছে।

সিএনজি ফিলিং স্টেশন অ্যাসোসিয়েশন নরসিংদী জোনের সভাপতি আব্দুল মোমেন মোল্লা জানান, রেন্ট-এ কার ব্যবসায়ী নামে কিছু লোক কয়েকটি সিএনজি ফিলিং স্টেশনে অতর্কিত হামলা চালায় এবং ফিলিং স্টেশন বন্ধ করার কথা বলে। স্টেশনগুলোতে গ্যাসের যে পরিমাণ চাপ থাকার কথা সেরকম চাপ না থাকায় আমাদের এমনিতেই অনেক সময় স্টেশন বন্ধ রাখতে হয়। এ কারণে কিছু উচ্ছৃঙ্খল লোক স্টেশনে হামলা, ভাংচুর ও মারধর করে। ঘটনার সুষ্ঠু বিচারের দাবিতে স্টেশনগুলো বন্ধ রাখা হয়েছে।