আমার বাংলাদেশ (এবি) পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু বলেছেন, এককালের আপসহীন বিএনপি এখন আপোসকামী হয়ে জনরায় উপেক্ষা করছে। আমরা আপসহীন বিএনপিকে চিনতাম; কিন্তু আজকের এ আপসকামী বিএনপিকে চিনতাম না।

আজ জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে রাজধানীর বায়তুল মোকাররম দক্ষিণ গেটে অনুষ্ঠিত ১১ দলীয় জোটের গণসমাবেশে তিনি এ মন্তব্য করেন।

সমাবেশে আরো বক্তব্য রাখেন বিরোধী দলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতের আমীর ডা. শফিকুর রহমান, এডিপির চেয়ারম্যান ড. কর্ণেল (অব) অলি আহমদ, এনসিপির মুখ্য সংগঠক নাসীরউদ্দীন পাটোয়ারী ও এবি পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক শাহাদাতুল্লাহ টুটুল।

মঞ্জু আরো বলেন,গত ১৭ বছরে ছাত্রদল ও যুবদলের এ প্রতাপশালী রূপ আমরা দেখিনি। গতকালের হেলমেট বাহিনী গত ১৭ বছর আপস করে গুপ্ত অবস্থায় ছিল। অন্যদের গুপ্ত ট্যাগ দেন, এখন তো দেখি আপনারাই সবচেয়ে বড় গুপ্ত ছিলেন, এ হেলমেট বাহিনীকে আমরা ফ্যাসিবাদের সময়ে পাইনি।

তিনি উল্লেখ করেন, ১২ ফেব্রুয়ারিতে গণভোট ও জাতীয় নির্বাচন একই দিনে অনুষ্ঠিত হয়েছে। জাতীয় নির্বাচন মেনে নিলে গণভোট কেন মানছেন না?

জুলাইয়ের শহীদদের আকাঙ্ক্ষা বাস্তবায়নের জন্য অবিলম্বে গণভোটের গণরায় বাস্তবায়ন করতে হবে বলেও জানান তিনি।