পর্যটন জেলা হিসেবে পরিচিত হলেও মৌলভীবাজার শহরবাসীর জন্য শহরে নেই কোনো বিনোদন কেন্দ্র। পৌরবাসীর দীর্ঘদিনের সে দাবি পূরণ হচ্ছে এবার। অবসর সময় কাটানোর জন্য মনু নদের পারে হচ্ছে বিনোদন কেন্দ্র। মৌলভীবাজার পৌরসভার উদ্যোগে প্রায় ১০ কোটি টাকা ব্যয়ে নির্মিত প্রকল্পটি বাস্তবায়িত হলে ক্লান্ত সময়ে একটু স্বস্তি পাবে শহরবাসী। মানসম্মত কাজ আর নির্ধারিত সময়ে প্রকল্পটি বাস্তবায়নের দাবি জানিয়েছেন পৌরবাসী।
মৌলভীবাজার পৌর কর্তৃপক্ষ ও স্থানীয় সূত্র জানায়, শহরঘেঁষে বয়ে চলা মনু নদের পার দিয়ে একসময় মানুষের হাঁটাচলার পথ ছিল। বহুদিন ধরেই সে পথ পরিত্যক্ত। দখল-দূষণ, ঝোপঝাড় আর আবর্জনার সে পথে এখন কেউ আর পা বাড়ায় না। এবার পৌরসভার উদ্যোগে সেই পাড় সাজবে নতুন রূপে। সড়ক, হাঁটার পথ, শিশুপার্ক, বনায়নের মাধ্যমে সাজানো হচ্ছে পাড়।
সম্প্রতি শান্তিবাগ এলাকা ঘুরে দেখা যায়, মৌলভীবাজার প্রধান ডাকঘর এলাকা থেকে মনু সেতু পর্যন্ত নির্মাণকাজ চলছে। নদের পারের ওপর রাস্তা নির্মাণ করা হচ্ছে। সুরক্ষা দেয়াল তৈরি হচ্ছে আর রাস্তা আরসিসি ঢালাইয়ের কাজ চলছে। ক্যানটিন নির্মাণসহ অন্যান্য কাজও চলছে।
প্রকল্পটি বাস্তবায়ন করছে খান অ্যান্ড সন্স লিমিটেড নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। ঠিকাদারি প্রতিষ্ঠানের কর্মকর্তা সঞ্জয় দেবনাথ জানান, শহরের শান্তিবাগ এলাকায় নদের পাড়ে সৌন্দর্যবর্ধনের কাজ শুরু হয়েছে প্রায় তিন মাস আগে। এ প্রকল্পে মনু সেতু থেকে ডাকঘর পর্যন্ত ৮০০ মিটার আরসিসি রাস্তা নির্মাণ করা হবে। সড়কের দুই পাশে থাকবে হাঁটার পথ। থাকবে একটি ক্যানটিন। নারী ও পুরুষের জন্য আলাদা দুটি শৌচাগার। প্রকল্পে ব্যয় হবে ১০ কোটি ১১ লাখ ১৬ হাজার ২৮৫ টাকা। এর মধ্যে ৩০ ভাগ কাজ শেষ হয়েছে। আগামী বছরের জুনের মধ্যে প্রকল্পের কাজ শেষ হবে।
স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর সালেহ আহমদ পাপ্পু জানান, শহরের শান্তিবাগ এলাকায় ‘মনু নদের পাড়ে সড়ক, শিশুপার্ক, হাঁটাপথ ও সৌন্দর্যবৃদ্ধিকরণ’
প্রকল্পে এরই মধ্যে সড়কের গাইডওয়াল (সুরক্ষা দেয়াল) তৈরি হয়েছে। সড়ক ঢালাই ও ক্যান্টিন নির্মাণের কাজ চলছে। মনু নদের পারের সৌন্দর্য বাড়াতে ফুল ও নানা জাতের গাছ লাগানো হবে। নদের পারজুড়ে লাগানো হবে বাতি।
তিনি বলেন, এটি বাস্তবায়নের পর শহরের সব বয়সের সব শ্রেণী-পেশার মানুষের বিনোদন ও অবসর কাটানোর ক্ষেত্রে দারুণ জায়গা হবে। মানসম্মত কাজের জন্য নিয়মিত কাজ তদারকি করা হচ্ছে।
স্থানীয়রা জানান, শহরের শান্তিবাগ এলাকার মনু নদের পারটি হাঁটার পথ হিসেবে একসময় ব্যবহূত হয়েছে। সংক্ষিপ্ত পথ হিসেবে পূর্ব পাশের মানুষ মনু সেতু থেকে পশ্চিম দিকে এবং পশ্চিম পাশের মানুষ পুরনো থানা এলাকা থেকে পূর্ব দিকে যাতায়াত করেছে। কিন্তু অনেক দিন ধরে পারটি সংস্কার না হওয়ার কারণে ঝোপঝাড়ে পরিত্যক্ত ছিল। পাড়টি অনেকে দখলও করেছে। কেউ কেউ অস্থায়ী শৌচাগার নির্মাণ করেছে। এতে নদের পারটি ব্যবহারের অনুপযুক্ত হয়ে পড়ে। বর্তমানে প্রকল্পটি শহরবাসীর জন্য দারুণ সুখবর। শহরে হাঁটাচলা বা অবসর কাটানোর কোনো জায়গা নেই। এ প্রকল্পটি সেই প্রত্যাশা পূরণ করবে।
পৌর মেয়র মো. ফজলুর রহমান বলেন, আমরা শহরের সৌন্দর্যবর্ধনের দিকে দৃষ্টি দিয়েছি। তারই অংশ হিসেবে মনু নদের তীরের এ প্রকল্পটি বাস্তবায়ন হচ্ছে। এই প্রকল্প শহরবাসীর জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাদের হাঁটাচলা ও বিনোদনের জন্য কোনো অসুবিধা হবে না। এখানে গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা থাকবে। ছোট-বড় সবার সময় কাটানোর ব্যবস্থা থাকবে।










